মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ায় সামরিক অভিযান প্রথম পছন্দ নয়। তবে প্রয়োজন হলে সামরিক অভিযান চালাতে সম্পূর্ণ প্রস্তুত যুক্তরাষ্ট্র। আর এই সামরিক অভিযান হবে উত্তর কোরিয়ার জন্য বিধ্বংসী।
সম্প্রতি দুইজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, উত্তর কোরিয়া কয়েকটি ছোট যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র প্রস্তুত করছে। তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেন, কিম জং উন খুব খারাপ আচরণ করছেন। তিনি এমন কথা বলছেন যা আসলে বলা উচিত নয়। তাদের মনে রাখা উচিত, সামরিক অভিযানের প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র তা চালাবে। তবে সেটা উত্তর কোরিয়ার জন্য ধ্বংস বয়ে আনবে। তাই সামরিক অভিযানকে আমরা বিকল্প ব্যবস্থা হিসেবে রাখছি। আমরা আগে কূটনৈতিক পন্থার ওপর জোর দিচ্ছি।
তিনি বলেন, কিম যেভাবে উস্কানি দিচ্ছেন সেই তুলনায় যুক্তরাষ্ট্র খুব সামান্য প্রতিক্রিয়া দেখিয়েছে। গত সোমবার উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তবে যুক্তরাষ্ট্র সেটি অস্বীকার করেছে। সিএনএন।
ইত্তেফাক/সেতু
