পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে হতাহতের মামলায় ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে সোহেল ওরফে শহীদ ও হাসানের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ সোমবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
চকবাজার থানার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোরাদুল ইসলাম মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২ এপ্রিল হাইকোর্টের দেওয়া তিন সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা আইনজীবীর মাধ্যমে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ তাদের জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
আরও পড়ুন: প্যারোল নয়, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই: রিজভী
গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৭১ জন প্রাণ হারান। ওই ঘটনায় আহত হন অনেকে। পরে ওই ঘটনায় আসিফ নামে স্থানীয় এক বাসিন্দা চকবাজার মডেল থানায় মামলা করেন।
ইত্তেফাক/কেকে
