পেনাল্টি নেওয়াকে কেন্দ্র করে এডিনসন কাভানির দ্বন্দ্ব ভিডিও ফুটেজেই দৃশ্যমান ছিল। এরপর থেকে গণমাধ্যমে বিভিন্নরকম সংবাদ এসেছে। এমনকি গত ১৮ সেপ্টেম্বর লিয়নের বিপক্ষে ওই ম্যাচে নেইমারের পক্ষ নেওয়ায় দানি আলভেসকেও রক্ষণাত্মক বক্তব্য দিতে দেখা গেছে। আর সেই দ্বন্দ্বের কথা এবার বেমালুম অস্বীকার করে বসলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। বললেন, কাভানির সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। এটা গণমাধ্যমের সৃষ্টি।
গণমাধ্যমে প্রকাশিত হয়, উরুগুয়ে ফরোয়ার্ড কাভানিকে বিক্রি করে দেওয়ার জন্য পিএসজিকে চাপ দিচ্ছেন নেইমার। নেইমার ও কাভানি দ্বন্দ্ব মেটানোর ব্যাপারে কথা বলেছিলেন পিএসজি কোচ উনাই এমেরিও। পালাক্রমে নেইমার-কাভানির পেনাল্টি নেওয়ার বিষয়টিও তিনি জানিয়েছিলেন।
তবে গত বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে হারানোর পর কাভানির সঙ্গে দ্বন্দ্বের কথা অস্বীকার করলেন। গণমাধ্যমের ওপর দায় চাপিয়ে ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘তারা অনেক গল্প তৈরি করে। তারা অনেক কথা বলে। যে বিষয়ে কোনো সূত্র নেই, সে বিষয় নিয়েও তারা কথা বলে। তারা ড্রেসিং রুমে নাক গলাতে চেষ্টা করে এবং শেষ পর্যন্ত এমন সব বিষয় নিয়ে দাবি করে যার কোনো অস্তিত্ব নেই।’
তবে পালাক্রমে স্পট কিক নেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি নেইমার। খেলোয়াড়দের মধ্যে পতপার্থক্য থাকলেও তা মাঠের খেলায় প্রভাব পড়েনি বলে উল্লেখ করেন উরুগুইয়ান স্ট্রাইকার কাভানি।
ইত্তেফাক/কেআই
