সুইডেনে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২৫
 
সুইডেনে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত জনাব মো. নাজমুল ইসলাম বৃহস্পতিবার এক ঐতিহ্যবাহী রাজকীয় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সুইডেনের মহামহিম রাজা কার্ল ষোড়শ গুস্তাফ-এর নিকট তার পরিচয়পত্র পেশ করেন। এ সময় রাষ্ট্রদূত জনাব ইসলাম তার পূর্বসূরি জনাব মো. গোলাম সারোয়ার-এর প্রত্যাহ্বান পত্রও মহামহিম রাজার নিকট হস্তান্তর করেন।
 
এর পূর্বে সকালে মান্যবর রাষ্ট্রদূত এ উপলক্ষে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছুলে সেখানে তাকে মার্শাল অব দ্য ডিপ্লোম্যাটিক কর্পস অ্যাম্বাসেডর বার্গিতা হোল্স্ট এ্যালানি এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রাচার প্রধান মিজ আনা ব্লক সাদর অভ্যর্থনা জানান। অভ্যর্থনা কক্ষে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া এবং প্যাসিফিক ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সাথে রাষ্ট্রদূত মো. ইসলাম সৌজন্য বিনিময় করেন। অতঃপর ঘোড়ায় টানা রথে মান্যবর রাষ্ট্রদূতকে স্টকহোম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাজ প্রাসাদে নিয়ে যাওয়া হয়।
 
সেখানে সুসজ্জিত বাদকদলের সুরের মূর্ছনার মধ্যে রাজকীয় গার্ড রাষ্ট্রদূতকে সম্মান প্রদর্শন করে। মার্শাল অব দ্য ডিপ্লোম্যাটিক কর্পস রাষ্ট্রদূত মহোদয়কে রাজ দরবারের পদস্থ কর্মকর্তাদের সাথে পরিচয় করিয়ে দেন এবং রাজ দরবারের ফার্স্ট মার্শাল লে. জে. ম্যাটস নিলসন রাষ্ট্রদূত জনাব ইসলামকে মহামহিম রাজার নিকট উপস্থাপন করেন।
 
পরিচয়পত্র পেশ করার পর মান্যবর রাষ্ট্রদূত মহামহিম রাজার সাথে এক সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন যেখানে বাংলাদেশ-সুইডেনের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক বিশেষত: ব্যবসা-বাণিজ্য ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়াদি স্থান পায়। মান্যবর রাষ্ট্রদূত বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে ও যুদ্ধপরবর্তী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সুইডেনের অব্যাহত সহযোগিতার বিষয়টি উল্লেখ করে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং চলমান রোহিঙ্গা ইস্যুতেও সুইডেনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
 
বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সুইডেন সফর (১৪-১৬ জুন ২০১৭) বিশেষ গুরুত্বের সাথে স্থান পায়। মাহামহিম রাজা সুইডেনে দায়িত্ব পালনকালে মান্যবর রাষ্ট্রদূতকে সর্বাঙ্গীণ সহযোগিতার আশ্বাস দেন। মান্যবর রাষ্ট্রদূত বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে সুইডেনের মহামহিম রাজাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকের শেষ পর্যায়ে দূতাবাসের কাউন্সিলর শেখ মো. শাহরিয়ার মোশাররফ মান্যবর রাষ্ট্রদূতের সাথে যোগ দেন এবং রাষ্ট্রদূত তাকে মহামহিম রাজার সাথে পরিচয় করিয়ে দেন।
 
বৈঠক থেকে বেরিয়ে আসার পর রাজ দরবারের পদস্থ কর্মকর্তারা মান্যবর রাষ্ট্রদূতকে অভিনন্দিত করেন। প্রবেশের অনুরূপ রাজকীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাষ্ট্রদূত জনাব মো. নাজমুল ইসলাম রাজ প্রাসাদ ত্যাগ করেন।