হল্যান্ডের আমস্টারডামে এক গাড়ী দুর্ঘটনায় আহত হয়েছেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন ফুটবল তারকা সার্জিও এগুয়েরো। দুর্ঘটনার বিষয়টি গতকাল নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
তার আঘাত কতটা গুরুতর ক্লাবের চিকিৎসকরা এখন তা নির্ণয় করবেন। চিকিৎসকরা। সপ্তাহের শেষভাগে প্রিমিয়ার লীগের ম্যাচে চেলসির মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছে পেপ গার্দিওলার শিষ্যরা। ২৯ বছর বয়সী এ স্ট্রাইকারের পাঁজরের হাড় ভেঙ্গে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যদি সেটি সত্যি হয় তাহলে অন্তত দুই মাসের জন্য তাকে মাঠের বাইরে চলে যেতে হবে । তবে আর্জেন্টিনার এই আন্তর্জাতিক তারকার চোটের ধরণ সম্পর্কে এখনো কিছু জানায়নি সিটি।
IMG0
ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজই ক্লাবের চিকিৎসকরা তার আঘাত পর্যালোচনা করবে। ছুটির দিন কাটাতে হল্যান্ড সফরে গিয়েছিলেন এই সিটি স্ট্রাইকার। সেখানেই তিনি দুর্ঘটনার কবলে পড়েছেন। আজ সকালে তিনি ম্যানচেস্টারে এসে পৌঁছান। চেলসির বিপক্ষে প্রিমিয়ার লীগের ম্যাচে অংশগ্রহণের আগেই তার প্রকৃত অবস্থা জানা যাবে।’
আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের যদি অনির্দিষ্ট সময়ের জন্য স্কোয়াডের বাইরে চলে যেতে হয় তাহলে সেটি হবে সিটির ঘরোয়া এবং চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয়ের পথে বড় বাঁধা। অসাধারণ ফর্ম নিয়ে এবারের মিশন শুরু করেছেন এগুয়েরো। লীগে এ পর্যন্ত তিনি ছয় গোল করেছেন। পয়েন্ট তালিকায় ক্লাবকে শীর্ষে তুলতে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সেই সঙ্গে নিজেও এখন ক্লাবের সর্বকালের সর্বাধিক গোলদাতার আসন থেকে মাত্র এক গোল দূরত্বে রয়েছেন। ডিসেম্বর পর্যন্ত আগামী দুই মাসে তিনটি টুর্নামেন্টে গার্দিওলা বাহিনীর অন্তত ১২ টি ম্যাচে অংশ নিতে হবে। তন্মধ্যে ইউরোপীয় ম্যাচ রয়েছে তিনটি। বাসস।
ইত্তেফাক/রেজা
