সেরা দল হতে বিদেশে জিততে হবে: কোহলি

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪৩
টানা দশ ওয়ান ডে ম্যাচ জিতে ‘পারফেক্ট টেন’ হয়তো করা হল না ভারতীয় দলের। কিন্তু অধিনায়ক বিরাট কোহলির তাতে বিন্দুমাত্র মন খারাপ নয়। আক্ষেপও নেই এতটুকু। বরং সুনীল গাভাস্কারের মত সমর্থন করে তিনি বলছেন, ভারতের সর্বকালের সেরা ওয়ানডে দল হয়ে উঠতে পারে তার এই দল।
 
সুনীল গাভাস্কার সম্প্রতি এই ভারতীয় দল নিয়ে মন্তব্য করেন, ‘বিরাটের এই টিম ভারতের সর্বকালের সেরা ওয়ানডে দল হয়ে উঠতে পারে।’ বেঙ্গালুরুতে চতুর্থ ওয়ান ডে-র পর কোহলি সাংবাদিকদের বলেন, ‘সানি ভাইয়ের মতো একজন ক্রিকেটারের কাছ থেকে এ রকম প্রশংসা পেতে ভালই লাগে। উনি গত কয়েক বছর ধরে ভারতীয় ক্রিকেটকে অনেক কাছ থেকে দেখছেন। তবে এখনও অনেকটা পথ যেতে হবে আমাদের। এখন আমরা ঘরের মাঠে খেলছি। বিদেশে অচেনা পরিবেশে গিয়েও যদি আমরা একইরকম পারফরম্যান্স দেখাতে পারি, তা হলে বুঝব আমরা সেই জায়গায় রয়েছি।’
 
টানা নয় ম্যাচে জেতার পরে হার। এই ধারাবাহিকতা সত্ত্বেও কেন হার? এর উত্তরে কোহলি বলেন, ‘আসলে জয়ের পারফরম্যান্স ধরে রাখাটাই আসল ব্যাপার। সেটা পারলে সাফল্য আসে। না হলে আসে না।’ খেলা শেষে ছিলেন বেশ ফুরফুরে মেজাজেও। মাঠে উপস্থিত ভারতের নারী দলের ক্রিকেটারদের সঙ্গেও কথা বলেন হাস্যোজ্জল ভঙ্গিতে। 
 
ইত্তেফাক/কেআই