আদালতের কাঠগড়ায় দাঁড়ানো এক আসামীর সন্তানকে স্তন্যপান করিয়ে আলোড়ন ফেলে দিয়েছেন চীনের এক নারী পুলিশ। নাম তার হাও লিনা। ঘটনাটি ঘটেছে গত শনিবার চীনের শানজি প্রদেশে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সাড়া পড়ে যায় গোটা বিশ্বে।
জানা গেছে, শানজি জিনজং ইন্টারমিডিয়েট পিপলস কোর্টে বিচার চলছিল এক নারীর। কাঠগড়ায় নিয়ে যাওয়ার সময়েই কেঁদে ওঠে তার চার মাসের ছোট্ট শিশুটি। সেই সময় তার ক্ষুধার্ত শিশুকে স্তন্যপান করানোর সিদ্ধান্ত নেন লিনা। অনুমতি দেন ওই মহিলাও। লিনার কথায়, ‘শিশুটির কান্না থামছিল না। আমিও সদ্য মা হয়েছি। বুঝতে পারছিলাম শিশুটিকে ছেড়ে যেতে তার কতটা উদ্বিগ্ন ছিল।’
IMG0
শিশুটিকে স্তন্যপান করানোর গোটা ঘটনাটাই ক্যামেরাবন্দি করেন লিনার এক সহকর্মী। তারপর সেটা আদালতের অফিসিয়াল ওয়েবসাইটে পোস্ট করা হয়। মহিলা পুলিশকর্মীর এই পদক্ষেপের সাধুবাদ জানিয়েছেন অনেকেই। প্রশংসায় ভরে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। এতো মানুষের অভিবাদন পেয়ে আপ্লুত লিনা বলেছেন, ‘আমি বিশ্বাস করি সব পুলিশ অফিসারেরই এই রকম ভূমিকা নেওয়া উচিত। আমি যদি ওই মহিলার জায়গায় থাকতাম, তাহলে চাইতাম আমার সন্তানকেও কেউ সাহায্য করুক।’ টেলিগ্রাফ।
ইত্তেফাক/সেতু
