শিল্প মন্ত্রীর কানাডা ত্যাগ

আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ০৯:৩৯
 
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু চার দিনের বেসরকারি কানাডা সফর শেষ করে গতকাল শনিবার ভ্যাংকুভার থেকে আমেরিকায় চলে যান।টরেন্টো সফরকালে তিনি 'ইন্টারটেক কানাডা' পরিদর্শন এবং এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন।
 
শিল্পমন্ত্রী উত্তর আমেরিকা সফরে ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। আগামী ১০ অক্টোবর তিনি স্বদেশে প্রত্যাবর্তন করবেন বলে জানা গেছে! তার আগে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের মান অবকাঠামো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান টিবিসি ও আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ডস ইন্সটিটিউট পরিদর্শন করবেন। এছাড়াও নিউইয়র্কে 'ইউনাইটেড স্টেটস্ ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার' এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মান অবকাঠামোর উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভায় মিলিত হবেন।
 
এদিকে মন্ত্রী আমির হোসেন আমু টরেন্টোতে কানাডা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সাক্ষাত কালে বলেন, মিয়ানমার থেকে বিতাড়িত এবং নির্যাতিত রোহিঙ্গাদের জন্য আমরা সাধ্যমতো সব কিছুই করছি। আমাদের সরকার এব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ফলে মিয়ানমার সরকারের প্রতি এখন আন্তর্জাতিক ভাবে চাপ তৈরি হয়েছে।
 
উল্লেখ্য যে, স্থানীয় সময় শুক্রবার মন্ত্রীর সফর সঙ্গীরা কানাডার সংসদ সদস্য ও কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সভাপতি নাথানিয়েল এরস্কাইন স্মিথের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এই বৈঠকে মন্ত্রী উপস্থিত ছিলেন না বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে!
 
ইত্তেফাক/জামান