মিয়ানমারে রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে হিন্দু গণকবর বিষয়ে দেশটির কাছে বিচার আশা করছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। এর আগে, গত সপ্তাহে রাখাইনে হিন্দু রোহিঙ্গাদের গণকবর খুঁজে পাওয়ার কথা জানায় মিয়ানমার সেনাবাহিনী। ওই গণকবরে ৪৫টি মরদেহ ছিলো বলে জানায় তারা।
IMG0
এতে তীব্র নিন্দা জানিয়ে ঘটনাটি খতিয়ে দেখতে মিয়ানমারকে আহ্বান জানিয়েছে ভারত। এছাড়াও দেশটির কাছে এর উপযুক্ত বিচারও চাইছে তারা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভীশ কুমার বলেন, মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির দফতর থেকে প্রকাশিত বিবৃতির মাধ্যমে জানতে পেরেছি, গণকবরের সব লাশ হিন্দু সম্প্রদায়ের লোকদের। এই অপরাধের সঙ্গে জড়িতদের সরকার বিচারের আওতায় আনতে পারবে বলে আমরা আশা করছি। সংশ্লিষ্টদের পরিবারকে নিরাপত্তাসহ সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে হবে সরকারকে।
IMG1
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে ভারতের ‘খুব নিবিড়’ যোগাযোগ রয়েছে বলে জানান তিনি। মানবতাকে হুমকির মুখে ফেলে দেয়া চলমান এই রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানও চেয়েছেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেস।
ইত্তেফাক/সেতু
