ভর্তার ভিন্ন স্বাদ

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১৭:৪৩

পহেলা বৈশাখ বাঙালির কাছে এক অন্যরকম আনন্দময় দিন। উত্সবপূর্ণ এই দিনটিকে ঘিরে চলে নানা আয়োজন। আর খাবারেও থাকে ভিন্ন স্বাদের একটা ঐতিহ্য। বাঙালিয়ানার ৪ পদের ভর্তার রেসিপিগুলো দিয়েছেন অসিত কর্মকার সুজন

 

বাদাম ভর্তা

 

উপকরণ :বাদাম ২৫০ গ্রাম, শুকনো মরিচ ৪-৫টি, কাঁচা মরিচ ২-৩টি, পেঁয়াজ কুঁচি ২ টেবিল চামচ, রসুন কুঁচি ১ চা চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি :বাদাম তাওয়ায় টেলে খোসাগুলো ফেলে দিন। এবার বাকি উপকরণ শিলপাটায় ভালো করে বেটে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

 

ডিম ফুলুরি ভর্তা

উপকরণ :সিদ্ধ ডিম ৬টি, পেঁয়াজ কুঁচি ১ কাপ, তেলে ভাজা রসুন কুঁচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচ কুঁচি ১/২ কাপ, ধনে পাতা কুঁচি ১/২ কাপ, বেসন ১ কাপ, পানি পরিমাণমতো, মরিচ ও হলুদ গুঁড়া ১ চিমটি, লবণ স্বাদমতো, সয়াবিন তেল ১ কাপ, সরিষার তেল ১/২ কাপ।

প্রণালি :একটি পাত্রে বেসন নিয়ে সামান্য লবণ, হলুদ, মরিচ ও পানি মিশিয়ে ডুবো তেলে ফুলুরি ভেজে ঠাণ্ডা করে রাখুন। এবার অন্য একটি বাটিতে বাকি উপকরণ হাত দিয়ে ভালোমতো মিশিয়ে ফুলুরি দিয়ে মেখে পরিবেশন করুন।

মসুর ডাল ভর্তা

 

উপকরণ :মসুর ডাল ২৫০ গ্রাম, পেঁয়াজ কুঁচি ১/২ কাপ, কাঁচা মরিচ কুঁচি ৪/৫টি, সরিষার তেল ২ টেবিল চামচ, ধনেপাতা কুঁচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি :ডাল ভালোভাবে পানি দিয়ে ধুয়ে সিদ্ধ করে রাখুন। খেয়াল রাখবেন ডাল সিদ্ধ করার পর কোনো রকম পানি যেন না থাকে। এবার বাকি উপকরণ ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে পরিবেশন করুন।

টাকি মাছের ভর্তা

 

উপকরণ :টাকি মাছ ১ কাপ, পেঁয়াজ কুঁচি ৩ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, রসুন মিহি কুঁচি ২ টেবিল চামচ, ধনেপাতা কুঁচি ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, কাঁচা মরিচ কুঁচি ২ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, সরিষার তেল ১/২ কাপ ।

প্রণালি :মাছ সিদ্ধ করে কাঁটা বেছে ১ কাপ মেপে নিন। তেলে সব মসলা দিয়ে কষিয়ে মাছ দিয়ে নেড়ে নেড়ে ভাজুন। মাছ হালুয়ার মতো তাল বাঁধলে নামিয়ে গোল বল বানিয়ে পরিবেশন করুন মজাদার টাকি মাছের ভাজা ভর্তা।