গ্রীসে শারদীয় দুর্গাপূজা উদযাপন

আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ১৪:৪২
 
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গ্রীসে উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে গ্রীসের হিন্দু কমিউনিটি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। পূজা মণ্ডপে পূজারী ও ভক্তবৃন্দ সমবেত হয়ে ধর্মীয় অর্চনার মধ্য দিয়ে নিজেদের ও দেশ ও জাতির কল্যাণের জন্য প্রার্থনা করে।
 
এথেন্সের শারদীয় দুর্গাপূজার অষ্টমী তিথিতে পূজামণ্ডপ পরিদর্শন করেন এথেন্স ভ্রমণরত সংসদ সদস্য জনাব মো. আফছারুল আমীন এবং বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ জনাব ইকবালুর রহিম। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব ড. অপরূপ চৌধুরী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশে দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।IMG0
 
পূজার নবমী তিথিতে গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মো. জসীম উদ্দিন এবং দূতাবাসের কর্মকর্তা এবং কর্মচারীগণ সপরিবারে পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত গ্রীসে বসবাসকারী বাংলাদেশী হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদেরকে অভিনন্দন জানান। তিনি প্রবাসে বসবাস করেও ধর্মীয় এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে আবহমান বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিদেশের মাটিতে তুলে ধরার প্রয়াসকে সাধুবাদ জানান। তিনি পূজা মণ্ডপের সাজসজ্জা এবং আলোক সজ্জাসহ সার্বিক আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।
 
এথেন্সের ওমোনিয়াতে অনুষ্ঠিত এই পূজায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। গ্রীসে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, আঞ্চলিক এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দও উৎসবে যোগদান করেন।
 
ইত্তেফাক/এমআর