বৈশাখে শিশুদের পোশাকে লাল-সাদা ছাড়াও কমলা, জলপাই, হলুদ, নীল, কচি পাতা আর সবুজ, বেগুনি, ফিরোজা, অফ হোয়াইট, গোলাপি, বিস্কুট ,কমলা, বাসন্তী রংসহ নানা শেডের রঙের প্রাধান্য থাকছে; সেই সঙ্গে থাকছে কয়েকটি রং মেশানো ফুলেল নকশাও। গাঢ় রং প্রাধান্য পেলেও এ বৈশাখে হালকা রঙও দাপটে চলছে ।
গরমে শিশুরা সুতি কাপড়ে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। শিশুদের পোশাকে নতুন নতুন ডিজাইনের পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, কুচি শাড়ি, শাড়ি, সালোয়ার-কামিজ, স্কার্ট-টপস, লেহেঙ্গা, ফ্রক, লং কুর্তি, ফোর পার্ট কামিজ, ফতুয়া, সারারা কামিজ এসেছে। এসব পোশাকে এমব্রয়ডারি, সিকুয়েন্স, স্ক্রিন প্রিন্ট, হাতের কাজ, অ্যাপ্লিক ও সুতার কারুকাজের বিভিন্ন নকশা করা হয়েছে। হালকা কাজের জামা পরে বাচ্চারা আরাম পাওয়ার পাশাপাশি তাদের দেখতেও লাগবে ভারী সুন্দর। শিশুর পোশাকে কারচুপিতে ব্যবহার করা হয়েছে সুতা, চুমকি, পাথর, পুঁতিসহ নানা ধরনের উপকরণ। হাতের কাজ, এমব্রয়ডারি, প্রিন্টসহ নানা মাধ্যমের ব্যবহারে তৈরি পোশাকগুলো উত্সবমুখী, আরামদায়ক এবং কাট ও ফিনিসে করা হয়েছে বেশ উন্নত। নগরের যান্ত্রিক পরিবেশে লোক ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। তাই শিরোনাম বা ক্যাপসন হিসেবে ফোক আর্ট মোটিফ জ্যামিতিক নকশা, পাখা, কলস, পাখি, ড্রাই ফিস, ঘণ্টা, হাতি, ঘোড়া, ময়ূর, ঘুড়ি, হাঁস, মোরগ ও টমটম গাড়ি, সাপলুডু ইত্যাদি নকশার পোশাক করা হয়েছে সোনামণিদের জন্য। এবার শিশুদের পোশাকে মোটিফ হিসেবে ঘাসফড়িং, সুন্দরবন সম্পর্কে শিশুদের ধারণা দিতে বাঘের মুখোশের মোটিফ ব্যবহার করা হয়েছে। এদিকে জ্যামিতিক নকশাও রয়েছে শিশুর পোশাকে। যে ধরনের পোশাকই হোক না কেন, শিশুর আরামের কথা মাথায় রেখেই পোশাক কিনুন। সুতি, কটন, হাফ-সিল্ক কিংবা ভয়েল কাপড়ের পোশাক শিশুর ত্বকের জন্য আরামদায়ক। শাড়ির ক্ষেত্রে তাঁত কিংবা সুতির শাড়িই বাছাই করা ভালো। আর ছেলেদের জন্য নরম কাপড়ের শর্ট পাঞ্জাবি, ফতুয়া বেছে নিতে পারেন। বরাবরের মতোই ছোটদের পোশাক বেশ গুরুত্ব দিয়েই তৈরি করছে ফ্যাশন হাউসগুলো। এসব ধরনের আকর্ষণীয় কাপড় পাওয়া যাবে বিভিন্ন ফ্যাশন হাউসগুলোতে। অন্যমেলা, কে ক্র্যাফট, তহু’স ক্রিয়েশন্স, বাংলার মেলা, এড্রয়েট, রঙ, ফড়িং, নগরদোলা, আড়ং, গ্রামীণ পোশাক, বাসন্তীসহ নানা শোরুমে। পাবেন মায়াসির, বিশ্বরঙ, অঞ্জন’স, যাত্রা, সাদাকালো, নগরদোলা, শৈশবের মতো ফ্যাশন হাউসগুলোতেও। দেশী দশ, নিত্য উপহার, শৈশব, রং, বিবিয়ানা, গাঁও গেরাম, বাংলার মেলা, ক্যাটস আই, লা রিভ, ইনফিনিটিসহ অনেক দোকানেই মিলবে শিশুদের বৈশাখের পোশাক।
ছবি কে ক্র্যাফট
