বেনগাজিতে মার্কিন রাষ্ট্রদূত হত্যার দায়ে লিবিয় জঙ্গির বিচার শুরু

আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ১৫:১৭
লিবিয়ার বেনগাজিতে ২০১২ সালের ১১ সেপ্টেম্বর মার্কিন দূতাবাসে হামলায় নেতৃত্বদানের অভিযোগে একজন লিবীয় জঙ্গির বিচার আগামীকাল সোমবার শুরু হচ্ছে। এ হামলায় একজন মার্কিন রাষ্ট্রদূতসহ আরো তিনজন নিহত হন। 
 
আহমেদ আবু খাত্তালাকে হত্যাকাণ্ডের ১৮টি পয়েন্টে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসকে সমর্থনেরও অভিযোগ আনা হয়েছে। ওয়াশিংটনের ফেডারেল ডিসট্রিক্ট কোর্টে তার এ বিচার হবে। এর আগে এক কমান্ডো অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার ও জাহাজে করে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।
 
খাত্তালা (৪৬) বেনগাজিতে ইসলামি মিলিশিয়া গ্রুপ আনসার আল শরিয়ার কমান্ডার ছিলেন। গ্রুপটি মার্কিন দূতাবাস ভবনে হামলা চালায়। অভিযোগপত্রে বলা হয়, খাত্তালার নেতৃত্বে ২০ জঙ্গি মার্কিন দূতাবাস ভবনে হামলা চালায়। তারা ভবনে আগুন ধরিয়ে দেয়। এছাড়া রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনস ও আরো তিন ফরেন সার্ভিস কর্মকর্তাকে হত্যা করে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু