রাজশাহীর বাগমারায় বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। আজ রবিবার বেলা ১১ টার দিকে উপজেলার বড় বিহানালি ইউনিয়নের বিলসতি বিলে মাছধরার সময় এ ঘটনা ঘটে। বজ্রপাতের আঘাতে নৌকায় থাকা চার জেলে পানিতে ছিটকে পড়েন। পরে দুপুর পৌনে দুইটার দিকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় একজন আহত হন।
নিহতরা হলেন- বড়বিহানালি গ্রামের আব্দুল খালেকের ছেলে খোরশেদ আলম (২৫), বছির উদ্দিনের ছেলে আবুল হোসেন (৩৫) এবং সেকেন্দার আলীর ছেলে জালাল উদ্দিন (৪৫)।
স্থানীয়রা জানান, সকালে বড়বিহানালি ইউনিয়নের বিলসতি বিলে নৌকায় করে ঠেলা জাল নিয়ে মাছ ধরতে যান কয়েকজন জেলে। একটি নৌকায় ছিলেন ১০ জন জেলে। আরেকটিতে ছিলেন চারজন জেলে।
তবে ওই নৌকাটিতে চারজন জেলে ছিলেন, তাদের নৌকাটি বজ্রপাতের শিকার হয়। এতে তিন জেলেই নৌকা থেকে পানিতে পড়ে যান। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিলো না।
খবর পেয়ে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক নিহতদের পরিবারের সদস্যদের কাছে গিয়ে সমবেদনা জানান। প্রত্যেক পরিবারকে তিনি নগদ দশ হাজার টাকা প্রদান করেন। সেই সঙ্গে তিনি ওইসব পরিবারের উপযুক্ত সদস্যদের চাকরি দেয়ার আশ্বাস প্রদান করেন। নিহতদের রাতে নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ইত্তেফাক/কেকে
