উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করার অর্থ হলো সময় নষ্ট করা, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের উদ্দেশ্যে এমন কথাই বলেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সে কারণে তিনি কর্মশক্তি অপচয় না করার জন্য টিলারসনকে পরামর্শ দিয়েছেন।
IMG0
এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, ‘নিজের কর্মশক্তি সঞ্চয় করো রেক্স, আমরা যা করার তা করবো’। শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানান, পরমাণু কর্মসূচির বিষয়ে আলোচনার জন্য উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে এই দুই দেশের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। যুক্তরাষ্ট্র চায় উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধ করুক। উত্তর কোরিয়া গত বেশ কিছুদিন ধরে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে ।
IMG1
গত মাসেই দেশটি ক্ষুদ্রতম হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে। এই বোমা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ওপর সংযুক্ত করা যাবে। তাদের এই পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করেছে পিয়ংইয়ং। এই প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র -চীন সফরে এমনটাই জানান টিলারসন। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য দেখে মনে হচ্ছে, আলোচনার এই পদক্ষেপ বাস্তবায়ন নাও হতে পারে। রবিবার এক টুইট বার্তায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বলেছি, তিনি ক্ষুদ্র রকেট মানবের সঙ্গে আলোচনার চেষ্টা করে তার সময় নষ্ট করছেন’। বিবিসি।
ইত্তেফাক/সেতু
