অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দলে ফিরেছেন ওপেনার শিখর ধাওয়ান। স্ত্রীর অসুস্থতার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ছুটি নিয়েছিলেন তিনি। এর আগে শ্রীলঙ্কা সফরেও শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি।
সোমবার ঘোষিত এই দলে ফাস্ট বোলার আশিস নেহরা ও উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ কার্তিককেও ডাকা হয়েছে দলে। নেহরা গত ফেব্রুয়ারিতে বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে সবশেষ খেলেছেন। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দলে ছিলেন না ৩৮ বছর বয়সী পেসার। আর কার্তিক ওয়েস্ট ইন্ডিজের থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে দলে ছিলেন না।
দুই দলের মধ্যে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি হবে ৭ অক্টোবর রাঁচিতে। এর আগে ভারত পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ৪-১ ব্যবধানে।
ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, মনিশ পান্ডে, কেদার যাদব, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, আশিস নেহরা ও অস্কার প্যাটেল।
ইত্তেফাক/কেআই
