গত বছর ত্রিদেশীয় সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অক্টোবরের শেষে আবারো জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ক্যারিবীয়রা। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এই তথ্য নিশ্চিত করেছে। আগামী ২১-২৫ অক্টোবর প্রথম টেস্ট ও ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। দুটি টেস্টই বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে।
এর আগে বছরের শুরুতে ২০১৪ সালের পরে জিম্বাবুয়ে প্রথমবারের মত একটি অ্যাওয়ে টেস্টে শ্রীলংকার মুখোমুখি হয়। উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মত চারদিনের দিবা-রাত্রির টেস্টে মুখোমুখি হবে জিম্বাবুয়ে।
টেস্ট সিরিজকে সামনে রেখে জিম্বাবুয়ে দলে ফিরতে পারেন সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলর ও সীমার কাইল জার্ভিস। দুজনেই নিজ নিজ কাউন্টি ক্লাব নটিংহ্যাম্পশায়ার ও ল্যাঙ্কাশায়ারের হয়ে চুক্তি শেষ করে দেশে ফিরেছেন। ২০১৫ সালের বিশ্বকাপে সর্বশেষ টেইলর জিম্বাবুয়ের হয়ে খেলেছিলেন। অন্যদিকে ২০১৩ সালে সর্বশেষ জাতীয় দলে খেলেছিলেন জার্ভিস।
ইত্তেফাক/কেআই
