চুয়াডাঙ্গা সদর উপজেলার খাসপাড়া গ্রামে রিপন (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় রিপন, পরে সোমবার সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে গ্রামের একটি ডোবায় পাট পঁচানো জাগের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও গ্রামবাসী জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাসপাড়া গ্রামের মোছাদ্দেকের ছেলে রিপন কৃষি কাজের সাথে মাছ চাষ করতেন। রবিবার রাতে রিপন তার পুকুর পাহারার জন্য বাড়ি থেকে বের হন।
নিহত রিপন পরিবারের সদস্যরা অভিযোগে জানান, গ্রামের মোহিন ও খোকনসহ কয়েক ব্যক্তির সাথে রিপনের বিরোধ ছিল। হয়তবা ওই মোহিন-খোকনরাই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটাতে পারে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তরিকুল ইসলাম বলেন, ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করে দ্রুত পদক্ষেপ নেবে বলে জানান তিনি।
ইত্তেফাক/এএম।
