কাতার সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৯:১১
কাতার নিয়ে উপসাগরীয় সংকট যখন ঘনীভূত ঠিক তখনই দেশটিতে সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। দুইদেশের মধ্যে সম্পর্ক আরো একধাপ এগিয়ে নিতেই এই সফর বলে মনে করা হচ্ছে। 
 
কাতারের রাজধানী দোহা যাওয়ার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সোমবার ওমানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। সেসময়েই তার কাতার সফরের বিষয়টি প্রকাশ পায়। কাতার সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সেদেশের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
 
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম ঘাসেমি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আলোচনায় স্থান পাবে উপসাগরীয় সংকটসহ সিরিয়া, ইরাক এবং ইয়েমেনের অর্থনৈতিক পরিস্থিতি। গত সপ্তাহে প্যারিস সফরকালে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, তাদের সঙ্গে চার আরব দেশ যে সম্পর্ক ছিন্ন করেছে তার অর্থ দাঁড়ায় এর মাধ্যমে ইরানের সঙ্গে তাদের সম্পর্ক আরো মজবুত হবে। তিনি বলেন, তারা বলছেন, ইরানের সঙ্গে কাতারের ভালো সম্পর্ক রয়েছে। আমি মনে করি , এই সম্পর্ক তারাই করে দিয়েছে। তারা ইরানকে কাতারের কাছে এক উপহার হিসাবে দিয়েছে। 
 
উল্লেখ্য গত জুনে জঙ্গিদের সহায়তা দানের অভিযোগে কাতারের সঙ্গে সম্পর্ক ছেদ করে সৌদি আরব,বাহরাইন,সংযুক্ত আরব আমিরাত ও মিসর। যদিও কাতার এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা আদৌ সঠিক নয়। বরং কাতারের অবস্থান সবসময়ই জঙ্গিদের বিরুদ্ধে। আল জাজিরা।
 
ইত্তেফাক/সাব্বির