দুর্নীতির তিনটি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে সোমবার অভিযোগ গঠন করা হয়নি। আগামী ৯ অক্টোবর পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে এবং ওইদিন অভিযোগ গঠন করা হবে ধারণা করা হচ্ছে। এদিকে আদালতে হাজির না হওয়ার কারণে নওয়াজের দুই ছেলে ও এক মেয়ে এবং জামাতার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
সোমবার দ্বিতীয় দিনের মতো নওয়াজ হাজির হলেও এদিন তার পরিবারের অন্য সদস্যরা আদালতে উপস্থিত ছিলেন না। আদালতে শুনানি চলার সময় নওয়াজের দল পিএমএল-এন এর আইনজীবী যুক্তি দেখান, অভিযোগ গঠনের সময় মামলায় অভিযুক্ত সবাইকেই আদালতে উপস্থিত থাকতে হয়। এ কারণে সোমবার নওয়াজের বিরুদ্ধে অভিযোগ গঠন করেনি আদালত। এদিকে আদালতে হাজির না হওয়ার কারণে নওয়াজের তিন সন্তান ও জামাতার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পিএমএল-এন এর আইনজীবী খাজা হারিস সাংবাদিকদের বলেন, নওয়াজের সন্তানরা তাদের মায়ের অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি। তারা সবাই লন্ডনে আছেন।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর প্রথমবারের মতো আদালতে হাজির হয়েছিলেন নওয়াজ। প্রথম দিন আদালতে হাজির হয়ে স্ত্রীর অসুস্থতার কথা জানিয়েছে নওয়াজ তার স্ত্রীর কাছে যাওয়ার আবেদন করেন। আদালতের কাছ থেকে অনুমতি নিয়ে কয়েক মিনিটের মধ্যেই ফিরে যান সাবেক এই প্রধানমন্ত্রী। পরে ২ অক্টোবর পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়। প্রসঙ্গত, গত ২৮ জুলাই পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত হয়ে সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষিত হওয়ার পর পদত্যাগ করেন নওয়াজ শরিফ।
ইত্তেফাক/সাব্বির
