বরিশালের গৌরনদী বন্দর একটি ঐতিহ্যবাহী নৌবন্দর হওয়া সত্ত্বেও এখানকার লঞ্চঘাটে সমস্যার অন্ত নেই। কিন্তু সমাধানের উদ্যোগ নিচ্ছে না কেউ। সরেজমিন গিয়ে দেখা গেছে, এখানে লক্কড়-ঝক্কড় টাইপের একটি পুরোনো পন্টুন থাকলেও যাত্রী ওঠানামা সিঁড়িটির বেহাল দশা। এ সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন লঞ্চের যাত্রী ও শ্রমিকরা।
গৌরনদী ঘাটে একটি যাত্রী ছাউনি থাকলেও সেটিরও বেহাল অবস্থা হয়েছে। বহু বছর আগে নির্মিত এ যাত্রী ছাউনিতে যাত্রীর জন্য বসার স্থান নেই। যাত্রী ছাউনির পাশে দীর্ঘ ২০ বছর আগে নির্মিত টয়লেটটিও ব্যবহারের অযোগ্য হয়েছে বহু আগেই। কিন্তু ব্যবহারের উপযোগী করছে না পৌর কর্তৃপক্ষ।
গৌরনদীর লঞ্চঘাটের ইজারাদার খোকন মোল্লা ও ঘাট শ্রমিকরা ক্ষোভের সাথে জানান, প্রতিবছর লঞ্চঘাট থেকে পৌর কর্তৃপক্ষ বিপুল পরিমাণ অর্থ ইজারা আদায় করছে বটে, কিন্তু তারা লঞ্চঘাটের সমস্যা লাঘবের উদ্যোগ নিচ্ছে না।
ইত্তেফাক/নূহু
