পাবনায় পূর্ব শত্রুতার জেরে রিকশাচালককে হত্যা

আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ১০:২২
 
পাবনার বেড়ায় পূর্ব শত্রুতার জের ধরে মোয়াজ্জেন শেখ (৪৫) নামে এক রিকশাচালককে কুপিয়ে হত্যা করার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় হাসনা বেগম নামে আরও এক নারী আহত হয়েছেন।
 
বেড়া মডেল থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, বেড়া থানার দাসপাড়া গ্রামের মোয়াজ্জেন শেখের বড় মেয়েকে তারই আত্মীয় এবং একই বাড়িতে বসবাসরত আসান শেখের ছেলে সবুজ বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিত। এ নিয়ে দুই পরিবারের সাথে অধিকাংশ সময়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো। তিন দিন আগে সবুজ প্রকাশ্যে মোয়াজ্জেন শেখকে এ নিয়ে বাড়াবাড়ি করলে প্রাণ নাশের হুমকি দেন।
 
একপর্যায় মঙ্গলবার সকালে সবুজ মোয়াজ্জেন শেখের বড় মেয়েকে হাত ধরে নিয়ে যেতে চাইলে মোয়াজ্জেন শেখ বাধা দেন। এ সময় উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। এর একপর্যায় সবুজ ঘর থেকে হাঁসুয়া এনে বুকে পিঠে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার আত্মীয় হাসনা বেগমকেও আঘাত করে সবুজ। এসময় তার পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায় বলে স্থানীয়রা জানান। এরপর সবুজ মেয়েটির গলায় ছুরি ধরে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
 
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর  হোসেন জানান, আহত নারীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবুজকে ধরার জন্য অভিযান চালানো হচ্ছে। খুব শীঘ্রই সে ধরা পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। 
 
ইত্তেফাক/জামান