বাগেরহাটের পূর্ব সুন্দরবনের বনরক্ষীরা এক অভিযান চালিয়ে বিষ মেশানো লক্ষাধিক টাকার গলদা চিংড়ি জব্দ করেছে। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি তারা।
মঙ্গলবার ভোরে পূর্ব সুন্দরবনের স্টেশন কর্মকর্তা মো. ওমর ফারুকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একদল বনরক্ষী বন সংলগ্ন স্থানীয় শরণখোলা বাজারে অভিযান চালায়। এ সময় মৎস্য ব্যবসায়ী মো. ছালাম মোল্লার আড়ত থেকে বিষ মিশ্রিত এক ড্রাম গলদা চিংড়ি ও স্থানীয় বাসিন্দা প্রবাসী মো. কবির হাওলাদারের বাড়ি থেকে এক ড্রাম সহ মোট ১৫০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়। তবে ওই মাছের কোন মালিককে খুঁজে পাওয়া যায়নি।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. ওমর ফারুক বলেন, উদ্ধারকৃত চিংড়িগুলো মাটি চাপা দেয়া হয়েছে। তবে এ কাজে কে বা কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। বিষ দিয়ে মাছ নিধনকারী চক্রের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/জামান
