ব্লুয়েমফন্টেইন টেস্টে মরকেলের জায়গায় প্যাটারসন

আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ১৯:২০
বাংলাদেশের বিপক্ষে ব্লয়েমফন্টেইন টেস্টের পেসার মরনে মরকেলের জায়গায় দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেলেন ২৮ বছর বয়সী আরেক পেসার ডেন প্যাটারসন। পচেফস্ট্রুমে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েন মরকেল। তাই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না মরকেল। 
 
মরকেলের ইনজুরির ব্যাপারে দক্ষিণ আফ্রিকার ম্যানেজার ডা. মোহাম্মেদ মুসাজি বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচের চতুর্থ দিন বাঁ-সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েন মরকেল। যে কারণে তাৎক্ষণিকভাবে তার বোলিং স্পেল বন্ধ করে দেয়া হয়। পঞ্চম দিন সকালে মরকেলের স্ক্যান করা হয় এবং রিপোর্টে ইনজুরি লক্ষ্য করা যায়। তাই সিরিজের বাকী সময়ে আর মাঠে নামতে পারবেন না মরকেল। তার সুস্থ হতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে এবং আগামী নভেম্বরে টি-২০ গ্লোবালে ফেরার আশা করছেন।’
 
সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৯ ওভারে ৫১ রান দিয়ে ২ উইকেট নেন মরকেল। দ্বিতীয় ইনিংসে ৫ দশমিক ২ ওভার বোলিং করে ১৯ রানে ২ উইকেট নেন তিনি। ঐ ওভার শেষ না করেই ইনজুরিতে পড়ে মাঠ ত্যাগ করেন মরকেল। 
 
মরকেলের জায়গায় সুযোগ পাওয়া প্যাটারসন দক্ষিণ আফ্রিকার ঘরোয়া প্রথম শ্রেনির ক্রিকেটে কেপ কোবরাসের হয়ে খেলে থাকেন। ৮৫ প্রথম শ্রেনির ক্রিকেটে ২৮৫টি উইকেট নিয়েছেন তিনি। এরমধ্যে দশবার ৫ বা ততোধিক উইকেট শিকারের নজিরও আছে তার। আর জাতীয় দলের হয়ে ৪টি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে তার শিকার ৫ উইকেট।
 
প্রথম টেস্ট ৩৩৩ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। আগামী ৬ অক্টোবর থেকে শুরু হবে সিরিজে দ্বিতীয় ও শেষ টেস্ট।
 
ইত্তেফাক/রেজা