বায়ার্ন মিউনিখে চাকরি হারানোর পর ফের ইংল্যান্ডে ফেরার বিষয়টি বিবেচনা করছেন কার্লো আনচেলত্তি। যিনি প্রিমিয়ার লিগের দল চেলসির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেক্ষেত্রে মাথায় রাখছেন সাবেক ক্লাব চেলসিতে ফেরার বিষয়টিও। তবে স্টামফোর্ড ব্রিজে ফেরা সম্ভব না হলে আর্সেনাল, এভারটন বা ওয়েস্টহ্যামে যোগ দেওয়ার বিষয়টি ভাববেন এই ইতালিয়ান কোচ। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ডে না হলে বাইরেও কাজ করতে অসুবিধা নেই বলে জানান তিনি।
গত সপ্তাহে ফরাসি ক্লাব পিএসজির কাছে কাছে ৩-০ গোলে হেরেছে বায়ার্ন। সেই হারের পরই অ্যালিয়াঞ্জ এরিনা থেকে বের করে দেওয়া হয় আনচেলত্তিকে। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ দলের সিনিয়র সদস্যদের সঙ্গে সমন্বয় না থাকায় তাদের সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছেন।
কোচিং ক্যারিয়ারে মিলান, জুভেন্টাস, চেলসি, রিয়াল মাদ্রিদ ও পিএসজির মতো দলে পালন করেছেন। ইউরোপের সেরা ক্লাবগুলোতে কোচিংয়ের সুযোগ পেলেও কোনো দলেই সেভাবে থিতু হতে পারেননি ৫৮ বছর বয়সী এই কোচ। তবে চলতি বছর আর নতুন চাকরিতে যোগ দিতে চান না আনচেলত্তি। তিনি স্কাই স্পোর্টসকে বলেন, আমি দলের দায়িত্ব নিতে চাই। তবে এই মৌসুমে নয়, সম্ভবত পরের মৌসুমে। সেক্ষেত্রে প্রিমিয়ার লিগ বা অন্য ক্লাব ঘটনা নয়, শুধু অনুশীলন করাতে চাই এটাই বড়।
ইত্তেফাক/কেআই
