গরু মেরে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর চেষ্টা, ভারতে দুই ‘হিন্দু ব্যক্তি’ আটক

আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১৪:১৬
ভারতের উত্তর প্রদেশে গরু মেরে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। সেখানে গোহত্যার অভিযোগে দু’জন হিন্দু ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
IMG0
গোন্ডা জেলার পুলিশ সুপারিন্টেনডেন্ট উমেশ কুমার সিং বলেন, ‘কাটরা বাজার এলাকার একটি গ্রাম থেকে রবিবার গভীর রাতে দুটি বাছুর চুরি যায়। তারপরে সেগুলোর গলা কেটে ফেলা হয়। রাসসেবক আর মঙ্গল নামের দুজনকে পালাতে দেখে ফেলেছিলেন কয়েকজন বাসিন্দা। তারাই পুলিশে খবর দেন। দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে।’ ওই দুটি বাছুরের মৃতদেহ পাওয়ার ফলে এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছিল বলেও স্বীকার করেন কুমার সিং। ওই দুই ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার না করা গেলে পরিস্থিতির অবনতি হতে পারত বলেও মনে করেন তিনি।
IMG1
শনি আর রবিবার উত্তরপ্রদেশ আর বিহার রাজ্যের বেশ কয়েকটি এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছিল। এছাড়া কানপুর, বালিয়া এবং আগ্রায় অশান্তি ছড়িয়েছিল। অনেক দোকান, গাড়ি ভাংচুর করা হয়। আগ্রায় দশেরার অনুষ্ঠানের পরে ক্রমাগত শূন্যে গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে কট্টর হিন্দুত্ববাদী দুটি সংগঠনের ৮০ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বিহারের জামুইতেও উত্তেজনা ছড়িয়েছিল দুর্গাপুজো আর মহরমের মিছিল মুখোমুখি এসে যাওয়ায়। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু