ভারতে কৃষকদের বিবস্ত্র করে নির্যাতন পুলিশের

আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১৬:২৫
ভারতের মধ্যপ্রদেশে বিক্ষোভ করায় পুলিশ স্টেশনে কৃষকদের বিবস্ত্র করে নিপীড়ন করার অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, শুধুমাত্র অন্তর্বাস পড়ে অনেক মানুষ একটি কক্ষে বসে আছে।
 
মঙ্গলবারের এই ঘটনার ছবিতে দেখা যায়, কৃষকরা বগলে করে কাপড় নিয়ে থানা থেকে বের হয়ে যাচ্ছেন। এই কৃষকরা জেলা সরকারি অফিসে দাবি দাওয়া নিয়ে হাজির হয়েছিল। বিজেপির দাবি এই বিক্ষোভ কংগ্রেস আয়োজিত। বিক্ষোভ সহিংস হয়ে পড়লে তাদের দমাতে পুলিশ লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করে। কৃষকদের এরপর আটক করে থানায় নিয়ে গিয়ে পিটিয়ে বিবস্ত্র করা হয়।
 
কংগ্রেস বলেছে, এই কৃষকদের অপমান ও হামলা করা হয়েছে। বিবস্ত্র করার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পাশাপাশি বলেছে, এই বিষয়টি প্রদেশের মানবাধিকার কমিশনের কাছে নিয়ে যাবে। পুলিশের দাবি, কৃষকরা পাথর ছোড়ায় বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছে।
 
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, সরকার সহিংস বিক্ষোভ সহ্য করবে না। কংগ্রেস অপ্রয়োজনীয় এক পরিস্থিতির সৃষ্টি করেছে যার ফলে লাঠি ও পাথর ব্যবহারের মাধ্যমে পরিবেশ কলুষিত হয়েছে। বিবস্ত্র করার অভিযোগে তিনি বলেন, এই বিষয়ে পুলিশ প্রধানকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভুপেন্দ্র সিং বলেছেন, পুলিশ তদন্ত করে দেখছে কৃষকদের জোর করে বিবস্ত্র করা হয়েছে নাকি নিজের ইচ্ছায় তারা বিবস্ত্র হয়েছে। 
 
IMG0
 
ভারতের বুন্দেলখণ্ড খরায় বিপর্যস্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম। এখানে কৃষকরা খরায় ফসলহানির প্রেক্ষিতে ঋণ মওকুফের দাবিতে আগ্রাসী বিক্ষোভ প্রদর্শন করেছে। জুন মাসে পুলিশের গুলিতে বিক্ষোভকারী ৫ পুলিশ নিহত হয়। এনডিটিভি। 
 
ইত্তেফাক/সাব্বির