মানিকগঞ্জে ৫ জেলের কারাদণ্ডাদেশ

আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১৭:২৯
 
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে পাঁচজন মৌসুমী জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা। মঙ্গলবার রাতে তাদের যমুনা নদী থেকে গ্রেফতার করা হয়। 
 
দণ্ডপ্রাপ্তরা হলেন- দৌলতপুর উপজেলার বাসাইল গ্রামের হাসেন শেখের ছেলে রুশনাই শেখ (৫০), একই গ্রামের আজমত আলীর ছেলে বাচ্চু মিয়া (৩০), শিবালয় উপজেলার বঘুনাথপুর গ্রামের মন্তেষ শেখের ছেলে লালন মিয়া (৩২), একই উপজেলার উথলী ইউনিয়নের বাসাইল কলাবাগান গ্রামের কালাচাঁন শেখের ছেলে বকুল মোল্লা (৪৫) ও তেওতা ইউনিয়নের আলোকদিয়া চরের সাত্তার ব্যাপারীর ছেলে ফজলু মিয়া (৩০)।
 
আজ বুধবার বেলা ১১টার দিকে দৌলতপুর উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা এক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গ্রেফতারকৃত প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে মানিকগঞ্জ আদালতে পাঠানোর নির্দেশ দেন।
 
এদিকে, শিবালয় উপজেলা মৎস্য অধিদফতরের সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রফিকুল আলম জানান, যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসময় তিন কেজি ইলিশ মাছও জব্দ করা হয়। অভিযানের সময় নৌকা ফেলে মাছ শিকারীরা পালিয়ে যায় বলে জানান ওই মৎস্য কর্মকর্তা।
 
ইত্তেফাক/কেকে