অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেছেন, তার সরকার সন্ত্রাসের বিরুদ্ধে নতুন একটি আইন প্রণয়নের চিন্তাভাবনা করছে। এই আইনে সন্দেহভাজন ব্যক্তিকে কোন অভিযোগ ছাড়াই ১৪ দিন আটক রাখা যাবে। তিনি বলেন, বর্তমান আইনে কাউকে এতো বেশি আটক করে রাখা যায় না। তাই নতুন আইনটি পাস হলে সন্ত্রাস দমনে একটি যুগান্তকারী পদক্ষেপ হবে বলে তিনি মনে করেন।
টার্নবুল বলেন, এই আইনটি পাস হলে সন্ত্রাসের বিরুদ্ধে তার সরকার আরো কঠোর পদক্ষেপ নিতে পারবে। এ জন্য রাজ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য নেতার সমর্থন আদায়ের চেষ্টা করছেন তিনি। টার্নবুল বলেন, বিষয়টি চলতি সপ্তাহে জাতীয় নিরাপত্তা সম্মেলনে উপস্থাপন করা হবে। তিনি বলেন, এই আইনের মাধ্যমে আমাদের একটাই সুবিধা যে, এর মাধ্যমে আমরা সন্দেহভাজন ব্যক্তিকে ১৪ দিন আটকাদেশ কিংবা জিজ্ঞাসাবাদ করতে পারবো। তবে এজন্য আইন প্রয়োগকারী সংস্থাকে বিচারকের কাছ থেকে অনুমতি নিতে হবে।
বুধবার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। টার্নবুল বলেন, আমাদের জাতীয় স্বার্থের বিবেচনায় এটি বিশেষভাবে প্রয়োজন বলে আমি মনে করি। উল্লেখ্য গত কয়েক বছরে অস্ট্রেলিয়া বেশ কয়েকটি সন্দেহভাজন সন্ত্রাসীদের ষড়যন্ত্র নস্যাৎ করতে পেরেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে সন্ত্রাসীদের দ্বারা একটি বিমান ভূপাতিত করার পরিকল্পনা । অস্ট্রেলিয়া সরকার তার আগাম পদক্ষেপের কারণে সেই পরিকল্পনা বানচাল করতে সক্ষম হয়েছে। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
