লাস ভেগাস হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত

আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ২০:২৯
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে গত রবিবার একটি কনসার্টে গুলি চালিয়ে ৫৯ জনকে হত্যা ও পাঁচ শতাধিক মানুষকে আহত করা বন্দুকধারী স্টিফেন প্যাডক তার হোটেল কক্ষের ভেতর ও বাইরে বেশ কিছু ক্যামেরা স্থাপন করেছিলেন। বন্দুক হামলার তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা এমন তথ্য জানিয়ে ওই হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে মন্তব্য করেছেন।
 
ওই কর্মকর্তাদের ভাষ্য, দুটি ক্যামেরা বসানো হয়েছিল বারান্দার পাশে। আরেকটি ক্যামেরা ছিল দরজার ফাঁকা অংশে। এগুলো দিয়ে প্যাডক আইনশৃঙ্খলা বাহিনী বা পুলিশের উপস্থিতির বিষয়টি দেখতে পারতেন। লাস ভেগাস উপত্যকার মান্দালয় বে হোটেল থেকে প্যাডক কেন নির্বিচার গুলি চালিয়ে এত লোককে হতাহত করলেন, তার সঠিক কারণ এখনো জানতে পারেননি তদন্ত কর্মকর্তারা। তবে তিনি পরিকল্পিতভাবে কাজ করেছেন বলে মন্তব্য করেছেন কর্মকর্তারা। ৬৪ বছর বয়সী প্যাডকের বিমান চালনা ও শিকারের লাইসেন্স ছিল। পুলিশের খাতায় এর আগে তার কোনো অপরাধে জড়িত হওয়ার রেকর্ড নেই। আন্তর্জাতিক কোন সন্ত্রাসী চক্রের সাথে তার কোন যোগসাজশ খুঁজে পাওয়া  যায়নি।
 
যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের ক্লার্ক কাউন্টির শেরিফ জোসেফ লোম্বার্ডো মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘এই ব্যক্তি পূর্বপরিকল্পনা অনুযায়ী কাজ করেছেন। অবশ্যই পরিকল্পিত, তার কাছে যে ধরনের অস্ত্র ছিল ও তার কক্ষে যে পরিমাণ অস্ত্র পাওয়া গেছে, তাতে তা বোঝা যাচ্ছে।’ তিনি আরো বলেন, ‘এটা ব্যাপকভাবে পূর্বপরিকল্পিত এবং আমি নিশ্চিত যে তিনি প্রতিটি কাজ বুঝে-শুনে করেছেন।’
 
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যাডককে ‘অসুস্থ মানুষ, উন্মত্ত মানুষ’ হিসেবে অভিহিত করলেও তার মস্তিষ্ক বিকৃতির কোনো তথ্য পাওয়া যায়নি। নাম না প্রকাশ করার শর্তে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্যাডক সম্পর্কে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তার ‘মানসিক অসুস্থতা বা মস্তিষ্ক বিকৃতির’ কোনো ‘প্রমাণ’ নেই। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির