জাতিসংঘের সহকারী মহাসচিব, ডিপার্টমেন্ট অব ফিল্ড সাপোর্ট, লিসা এম. ব্যুটেনহেইমের নেতৃত্বে তিন সদস্যের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল মঙ্গলবার ঢাকা সেনানিবাসস্থ সেনা সদরে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন।
সাক্ষাত্কালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও জাতিসংঘ মিশনে বাংলাদেশের অবদান, কার্যক্রম, প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রতিনিধি দলটি জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। এ সময় প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন শান্তিরক্ষা কার্যক্রমের উপ-সামরিক উপদেষ্টা মেজর জেনারেল হিউ ভ্যান রোজেন ও স্ট্রাটেজিক ফোর্স জেনারেশন এন্ড ক্যাপাবিলিটি প্ল্যানিংয়ের দলনেতা অ্যাডাম স্মিথ।
উল্লেখ্য, প্রতিনিধি দলটি ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ ডিফেন্স পিসকিপিং মিনিস্ট্রিয়াল মিটিং ২০১৭ এর প্রস্তুতিমূলক সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশে আগমন করেন। এছাড়াও প্রতিনিধি দলটি নৌ ও বিমানবাহিনী প্রধান এবং প্রিন্সিপাল স্টাফ অফিসার, এএফডি এর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। পরবর্তীতে প্রতিনিধি দল বাংলাদেশ ইন্সটিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং পরিদর্শন করেন। —আইএসপিআর
ইত্তেফাক/নূহু
