নির্বাচনের দিকে যাচ্ছে বিসিবি

আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১০:০২
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্রের অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। অনুমোদনের পর বুধবার গঠনতন্ত্রের কপি বিসিবিকেও পাঠিয়েছে এনএসসি। গঠনতন্ত্র অনুমোদন হওয়ায় এখন নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে বিসিবি। বুধবার মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গত ২ অক্টোবর একটি সংশোধনী এনে বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্র পাস করা হয়েছিল।
 
আর নির্বাচন বিষয়ে আলোচনা করতে আজ বৃহস্পতিবার জরুরি বোর্ড সভা ডেকেছে বিসিবি। সেখানেই নির্বাচন কমিশন গঠন, নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঠিক করা হবে।
 
গঠনতন্ত্র অনুমোদনের খবর পেয়ে বুধবার দুপুরের পর মিরপুর স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে আসেন নাজমুল হাসান পাপন। কয়েকজন বোর্ড পরিচালকের সঙ্গে মিটিং করেন তিনি।
 
পরে এনএসসির অনুমোদন পাওয়া সম্পর্কে সাংবাদিকদের বলেছেন, ‘কাউন্সিলরদের সম্মতি নেওয়ার পর সেটা আমরা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিই এনএসসির কাছে। এনএসসি সেটা অনুমোদন দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। আপিল বিভাগের রায়টাও যদি দেখেন, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী হয়, এনএসসি অনুমোদন কিংবা প্রত্যাখ্যান করতে পারে। আর তো কিছু করতে পারে না। ওরা যেহেতু পরিবর্তন করতে পারবে না, অনুমোদন করে দিয়েছে।’
 
নির্বাচন কমিশন গঠনের জন্য আজ জরুরি বোর্ড সভা করবে বিসিবি। নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা কাল (আজ) একটা জরুরি পরিচালনা পরিষদের সভা ডেকেছি। ওখানে আমরা এই অনুমোদিত গঠনতন্ত্র নিয়ে যেটা করব, যেটা ঠিক করেছি, একটা নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেব। নির্বাচন কমিশন কখন নির্বাচন দেবে, কী কী নিয়মে হবে সেটা তারা দেখবে।’
 
তিন সদস্যের নির্বাচন কমিশন হতে পারে বলে আভাস দিয়েছেন বিসিবি সভাপতি। আগামী ১৩ অক্টোবর শেষ হবে বিসিবির বর্তমান কমিটির মেয়াদ। তার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। বোর্ড সভাপতি বলেন, ‘নির্বাচনের তারিখ ঘোষণা এর আগেই হয়ে যাবে (১৩ তারিখের আগে)। আমাদের মেয়াদ বাড়ানোর ইচ্ছে নেই। যত তাড়াতাড়ি সম্ভব নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাব। কাল (বৃহস্পতিবার) আরো নির্দিষ্ট করে বলতে পারব। ’
 
গঠনতন্ত্র নিয়ে আর সংশয় নেই নাজমুল হাসান পাপনের। যদিও বিসিবির গঠনতন্ত্র অনুমোদন না দিতে গত মঙ্গলবার এনএসসিকে আরেকটি লিগ্যাল নোটিস পাঠিয়েছেন বিসিবির সাবেক সদস্য ও স্থপতি মোবাশ্বের হোসেন। বিসিবি সভাপতি বলেন, ‘শঙ্কার কোনো প্রশ্নই নেই। এখানে এসেছি যে কারণে কাল (বৃহস্পতিবার) বোর্ড মিটিংয়ের পর সংবাদ সম্মেলন করে আপনার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দেব।’
 
নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় বিসিবির কর্তারা মনোযোগ দিতে পারেননি বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরে। পচেফস্ট্রুমে বড় রানের ব্যবধানে হেরেছে মুশফিক বাহিনী। আগামীকাল শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে ইনজুরির কারণে সেই টেস্টে তামিম ইকবালের খেলা অনিশ্চিত। প্রস্তুতি ম্যাচে পাওয়া বাঁ পায়ের পেশীর চোটটা আরো বেড়েছে তার।
 
দ্বিতীয় টেস্টে তামিমের খেলার সম্ভাবনা সম্পর্কে গতকাল বিসিবি সভাপতি বলেছেন, ‘মনে হচ্ছে না। এটা আসলে ওর ওপরে নির্ভর করবে বেশি। নির্দিষ্টভাবে গুরুতর কিছু ধরা পড়েনি। তারপরও কারও যদি কিছু হয় সেই ভালো বলতে পারবে। আরো এক-দুই দিন আছে। তবে আমার মনে হচ্ছে তার খেলার সম্ভাবনা কম। ’
 
ইত্তেফাক/এমআর