ট্রাফিক জ্যাম, ২ কিলোমিটার হাঁটলেন প্রেসিডেন্ট

আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১৭:০৭
ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী গঠনের ৭২তম বার্ষিকীতে সামরিক শক্তি প্রদর্শনীর দিনে মিলল দেশটির ট্রাফিক ব্যবস্থার প্রকৃত চিত্র। বৃহস্পতিবার প্রচণ্ড ট্রাফিক জ্যামের কারণে বাধ্য হয়ে প্রচণ্ড রোদের মধ্যে দুই কিলোমিটার হেটে সামরিক কুচকাওয়াজে যোগ দিতে গেছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো।
 
উইদোদো ও ইন্দোনেশিয়া সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বন্দরনগরী সিলেগনে সামরিক কুচকাওয়াজে যোগ দিতে গিয়ে ট্রাফিক জ্যামের কবলে পড়েন। প্রেসিডেন্টের দেহরক্ষী ইলি দাসিলি বলেন, ৩০ মিনিট জ্যামে আটকে থাকার পরে প্রেসিডেন্ট গাড়ি থেকে বের হয়ে হাটার সিদ্ধান্ত নেন। জ্যামে আটকে থাকা ইন্দোনেশিয়া পুলিশ প্রধান টিটো কার্নাভিয়ানও প্রেসিডেন্টের সঙ্গে যোগ দেন।
 
 
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নিরাপত্তা ঘেরাটোপের মধ্যে প্রেসিডেন্ট জোকো উইদোদো রাস্তা দিয়ে হেটে যাচ্ছেন এবং সমর্থকেরা তার নামে স্লোগান দিচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশের প্রেসিডেন্টকে কেন জ্যাম হেটে পার হতে হল সেই প্রশ্নও করেছেন অনেকে। টুইটারে এক ব্যবহারকারী বলেন, ঠিক কী কারণে প্রেসিডেন্টকে সামরিক বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ২ কিলোমিটার হেটে যেতে হল? কেন প্রেসিডেন্টের জন্য আগে রাস্তা খালি করা হল না, কিংবা হেলিকপ্টারে নিয়ে যাওয়া হল না? স্ট্রেইট টাইমস।
 
ইত্তেফাক/সাব্বির