রোহিঙ্গা সংকটের দায় অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়কে নিতে হবে

আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ২৩:০৭

রাশিয়া সফররত সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ আল সউদ বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম সমপ্রদায় যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তার দায় অবশ্যই আন্তর্জাতিক সমপ্রদায়ের কাঁধে বর্তায়। গতকাল বৃহস্পতিবার রাশিয়া সফরে দ্বিপাক্ষিক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একথা বলেন তিনি।

গতকালই কূটনৈতিক সফরে সৌদি বাদশাহ মস্কো পৌঁছান। মস্কোর পক্ষ থেকে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এরপর পুতিন ও বাদশা সালমান দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। বৈঠকে রুশ প্রেসিডেন্ট সৌদি আরবের সঙ্গে দেশটির ঐতিহাসিক সম্পর্কের প্রশংসা করেন। পুতিন বলেন, আমি বিশ্বাস করি আপনার সফর আমাদের সাধারণ সম্পর্ককে আরও উন্নীত করবে। বর্তমানে বিশ্ব যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা মোকাবিলায় বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে বলে বাদশাহ মন্তব্য করেন। এ সময় উষ্ণ অভ্যর্থনার জন্য বাদশাহ সালমান রাশিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান এবং রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেন।

পুতিনের সঙ্গে আলোচনায় সৌদি বাদশাহ ইরাকের আঞ্চলিক অখণ্ডতা ও সিরিয়ার সংকট সমাধানে রাজনৈতিক সমাধানের বিষয়টি তুলে ধরেন। এই সফরে দুই দেশের  মধ্যে বেশ কয়েকটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হতে পারে। জ্বালানি, তরল প্রাকৃতিক গ্যাস প্রকল্প এবং পেট্রো কেমিক্যাল প্ল্যান্টসহ আরও বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে বিনিয়োগ চুক্তি হওয়ার কথা। সূত্র: আল আরাবিয়া।

ইত্তেফাক/নূহু