খুলনায় মাদক মামলার আসামি গ্রেফতার করতে গিয়ে পুলিশের দুই কর্মকর্তা গণধোলাইয়ের শিকার হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে কচাতলা বাজারে এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ কর্মকর্তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ সুপার নিযামুল হক মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রূপসা থানার পুটিমারি ক্যাম্পের দুই এএসআই রবিউল ইসলাম ও সাইফুল ইসলাম মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের জন্য রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কচাতলা বাজারে অভিযানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীদের সঙ্গে তাদের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে দুজনই আহত হন।
ঘটনার সময় এসআই সাইফুলকে অজ্ঞাত স্থানে আটক করে রাখার প্রায় আধাঘন্টা পর স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।
পুলিশ সুপার নিযামুল হক মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি ধরতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সেখানে অভিযান চলছে। উর্দ্ধতন কর্মকর্তাদেরও পাঠানো হয়েছে।
অপরদিকে, রূপসা ঘাট এলাকায় মাদক ব্যবসায়ীদের গ্রেফতার অভিযানে গিয়ে কোস্টগার্ডের সঙ্গে স্থানীয় রূপসা বাসস্ট্যান্ড ফাঁড়ির ইনচার্জ এসআই তারিকুল ইসলামের দ্বন্দ্ব হয়। এ ঘটনার জেরে কোস্টগার্ড সদস্যরা তারিকুলকে আটকের চেষ্টা করলে জনতা বাধা দেয়। এ ঘটনায় রূপসা ঘাট এলাকায় কোস্টগার্ড ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত হন।
ইত্তেফাক/নূহু
