পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল কূটনৈতিক প্রচেষ্টার কারণে গোটা বিশ্ব আজ রোহিঙ্গা সমস্যার সমাধানে সচেষ্ট। অসহায় এবং নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয়সহ সব ধরনের মানবিক সহায়তা দিয়ে প্রধানমন্ত্রী সাহসিকতা এবং মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আজ শুক্রবার সকালে দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
শহীদুল হক বলেন, বিশ্ব সম্প্রদায় আজ রোহিঙ্গা সমস্যার সমাধানের উপায় খুঁজছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রথমবারের মত বিষয়টি আলোচিত হয়েছে এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইতিমধ্যেই রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনা বাহিনীর নৃশংসতাকে ‘জাতিগত নিধনযজ্ঞ’ হিসেবে উল্লেখ করেছেন।
পররাষ্ট্র সচিব সাংবাদিক সম্মেলনে দৃঢতার সঙ্গে বলেন, বাংলাদেশের সকল দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে ছিল এবং থাকবে। তার ভারত সফরকালীন সময়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট সচিব জয়শঙ্কর মেননের সঙ্গে রোহিঙ্গাদের কারণে বাংলাদেশকে যেসব সমস্যার মুখোমুখি হতে হচ্ছে সেসব বিষয়সহ অন্যান্য সকল বিষয়েই আলোচনা হয়েছে বলে তিনি জানান। তিনি রোহিঙ্গাদের জন্য ভারতের ত্রাণ সহায়তার প্রশংসা করেন। বাসস।
ইত্তেফাক/এমআই
