পাকিস্তানকে কড়া বার্তা দিতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ১৩:৪৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী কয়েক সপ্তাহের মধ্যে তার শীর্ষ কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের পাকিস্তানে পাঠাচ্ছেন। তারা ট্রাম্পের পক্ষ থেকে কঠোর বার্তা নিয়ে সেখানে যাচ্ছেন বলে জানা গেছে। কারণ পরমাণু শক্তিধর পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার অভিযোগ করে আসছে ওয়াশিংটন।
 
এমনকি কয়েক সপ্তাহ আগেও সন্ত্রাসী গ্রুপকে সহযোগিতার জন্যে পাকিস্তানকে জোরালোভাবে দায়ী করেন ট্রাম্প। এরই প্রেক্ষাপটে এ মাসের শেষের দিকে পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। মার্কিন ও পাকিস্তান সূত্র জানায়, তারপর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসও ইসলামাবাদে যাবেন।
 
এ সফরের ব্যাপারে মার্কিন কর্মকর্তারা জানান, পাকিস্তানকে অবশ্যই জিহাদি গ্রুপকে রাষ্ট্রীয় মদদ দেয়া বন্ধ করতে হবে, ট্রাম্পের এমন কঠোর বার্তা নিয়েই পাকিস্তান যাচ্ছেন তারা। উল্লেখ্য, আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার জন্যে প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১১ সালে পাকিস্তানে কমান্ডোদের পাঠানোয় এ দু’দেশের মধ্যে সম্পর্কে চিড় ধরে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু