‘দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে দেশ গড়ার শপথ নিতে হবে’

আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ১৭:৫৯
 
তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে শপথ নিয়ে দেশ গড়তে হবে। মাদক ও দুর্নীতি মুক্ত দেশ গড়তে পারলে জনগণ সরকারের উন্নয়নের পুরোপুরি সুফল ভোগ করতে পারবে। এজন্য সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
 
আজ শনিবার সিংড়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫৬টি পরিবারের মধ্যে দুই লাখ ৭০ হাজার টাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী চলনবিলের মানুষের পাশে আছেন। এজন্য তিনি বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের জন্য সিংড়ার এক হাজার পরিবারকে সহায়তা করেছেন। বন্যায় ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ, ক্ষতি পুষিয়ে দিতে বর্তমান সরকার সচেষ্ট। বিগত দিনে এভাবে কেউ জনগণের পাশে দাঁড়ায়নি। এবারের বন্যা আমরা নতুন দৃস্টান্ত স্থাপন করেছি। বন্যার্তদের তিনবেলা খাবার তুলে দিয়েছি।
 
তিনি বলেন, সিংড়ার গ্রামগুলো অন্ধকারে ছিলো। আজ আলোর মুখ দেখছে গ্রামের মানুষ। দুইশ কিলোমিটার এলাকা বিদ্যুতায়ন হয়েছে। নতুন সংযোগ প্রদান করা হয়েছে ৪০ হাজার পরিবারকে। আড়াইশ কিলোমিটার  রাস্তাঘাট নির্মাণ, অর্ধশতাধিক ব্রিজ নির্মাণ, ৭ শতাধিক মসজিদ মাদ্রাসার উন্নয়ন, ৮০ কিলোমিটার খাল খনন করা হয়েছে। কৃষিতে উৎপাদন ৭০ মে. টন বেড়েছে। যা দেশের চাহিদা পূরণ করছে। সিংড়ার তরুণদের কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রী হাইটেক পার্ক নির্মাণ প্রকল্প দিয়েছেন এতে করে বড় বড় কোম্পানির সঙ্গে চলনবিলের তরুনরা কাজ করে দেশের অর্থনৈতিক পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারবে। 
 
তিনি আরো বলেন, নির্বাচন এলে জনগণকে ধোকা দেয় এদেরকে পরিহার করতে হবে। প্রতারণার ফাঁদে কেউ পা দিবেন না। বিএনপির সময় চলনবিলে ডাকাত, সর্বহারাদের অভয়ারন্য ছিল, মানুষ রাত জেগে পাহারা দিয়েছে। এখন চলনবিলের মানুষ শান্তিতে ঘুমায়। রাত জেগে পাহারা দিতে হয় না। তিনি আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করে উন্নয়নের ধারাকে অব্যহত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। 
 
উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ স্কাউটের কমিশনার আনোয়ারুল ইসলাম আনু, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন, স্কাউটের সম্পাদক আইয়ুব আলী, পিআই ও অফিস সহকারী মুহিদ ময়েন প্রমূখ। 
 
প্রতিমন্ত্রী পরে স্কাউটের আয়োজনে ১৫ টা বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ৭৫ হাজার টাকা বিতরণ করেন।
 
ইত্তেফাক/কেকে