লন্ডনের রাস্তায় ফের পথচারীদের ওপর গাড়ি, আহত ১১

আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ০৯:১১
লন্ডনের রাস্তায় ফের পথচারীদের ওপর গাড়ি। গতকাল শনিবার রাজধানীর ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের রাস্তায় পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এতে ১১ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। তবে এটা গাড়ি দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ। এর সঙ্গে সন্ত্রাসের কোনো যোগসূত্র নেই।
IMG0
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুর দুইটার দিকে সাউথ কেনসিংটন এক্সিবিশন রোড এলাকায় গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনা ঘটে। দুটি গাড়ির মাঝখানে আঘাত হানার পর ওই গাড়ির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। এটা লন্ডনের অন্যতম পর্যটন এলাকা। লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, আহত ১১ জনের মধ্যে ৯ জন হাসপাতালে ভর্তি। তাদের বেশিরভাগই পা ও মাথায় আঘাত পেয়েছেন। তবে তাদের আঘাত খুব গুরুতর নয় বলে সংস্থাটি জানায়।
IMG1
পুলিশ গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, এটা ট্রাফিক দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। এর সঙ্গে সন্ত্রাসের কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। স্কটল্যান্ড ইয়ার্ডের এক মুখপাত্র বলেন, একে জঙ্গি হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে না। আসলে কী ঘটেছে আমরা তা তদন্ত করছি। ঘটনার পর পথচারীদের এদিক ওদিক ছুটতে দেখা যায়। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গাড়ি রাস্তায় ওঠার খবরে মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পাশের টিউব স্টেশন বন্ধ করে দেওয়া হয়। লন্ডনের মেয়র সাদিক খান জানিয়েছেন, তিনি ঘটনার ব্যাপারে পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। প্রধানমন্ত্রী থেরেসা মেও ঘটনা সম্পর্কে অবহিত এবং তিনি ঘটনা সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছেন। মিউজিয়াম কর্তৃপক্ষও জানিয়েছেন, পাশের রাস্তায় বড় একটি দুর্ঘটনা ঘটেছে। আমরা তথ্য জানার চেষ্টা করছি। উল্লেখ্য, লন্ডনের রাস্তায় এর আগে পথচারীদের ওপর গাড়ি হামলার ঘটনা ঘটেছে। সিএনএন ও রয়টার্স।
 
ইত্তেফাক/সেতু