পবিপ্রবি'র ১৩ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১৬:৫৪
 
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী মনোনয়ন পেয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ওয়েবসাইটে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৬৪ জন শিক্ষার্থীর নাম প্রকাশ করা হয়েছে।
 
প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৫ ও ২০১৬-এর জন্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদের ১৩ শিক্ষার্থীকে মনোনীত করেছে ইউজিসি। মনোনীত শিক্ষার্থীরা হচ্ছেন কৃষি অনুষদের শেখর মণ্ডল, মো. আনিসুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের মো.মতিউর রহমান, মইনুল ইসলাম সাঈদ, মাৎস্য বিজ্ঞান অনুষদের নিউটন সাহা, ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদের মো. সাব্বির হোসেন, শেখ নাজমুন নাহের, দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের মাওয়া সিদ্দিকা, রাশেদুজ্জামান, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের পূজা কুমারী চৌধুরী ও এ্যানিমেল সায়েন্স ও ভেটেরিনারি অনুষদের সাবরিনা বিনতে আলমগীর, মো. সোহাগ, মাহাবুবা সুলতানা।
 
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত পবিপ্রবির শিক্ষার্থী চট্টগ্রাম ভেটেরিনারি ও এ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের লেকচারার মো.মতিউর রহমান ইত্তেফাককে বলেন, একজন শিক্ষার্থী হিসেবে এটাই আমার কাছে সব চেয়ে বড় প্রাপ্তি।
 
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও বৃত্তি শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. আশিকুর রহমান স্বর্ণপদকের জন্য ১৩ শিক্ষার্থী মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের হাতে কবে এ পদক তুলে দেয়া হবে এমন কোন নির্দিষ্ট তারিখ ইউজিসির পক্ষ থেকে জানানো হয়নি।
 
উল্লেখ্য, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মেধাবিকাশে উত্সাহিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক চালু করে।
 
ইত্তেফাক/জামান