সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ‘স্বার্থের সংঘাত’ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করার জন্য বলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ন্যায়পাল ডি কে জৈন। সৌরভ এখন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) নির্বাচিত প্রেসিডেন্ট। সেই সঙ্গে তিনি আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের (ডিসি) উপদেষ্টা হিসেবে কাজ করছেন। ফলে প্রশ্ন উঠেছে সিএবি সভাপতি হিসেবে তিনি একটি আইপিএল দলের উপদেষ্টা হতে পারেন কি না। গতকাল এই কারণ দর্শানোর নোটিসের জবাব দিয়েছেন সৌরভ। তিনি বলেছেন, তার এই দুই ভূমিকা কোনোভাবেই প্রত্যক্ষ বা পরোক্ষ স্বার্থের সংঘাত নয়। সাবেক এই ভারতীয় অধিনায়ক চিঠিতে উল্লেখ করেছেন যে, তিনি বিসিসিআইয়ের বা আইপিএলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কমিটির সদস্য নন। ফলে আইপিএলের একটা দলের সঙ্গে কাজ করায় কোনো সমস্যা হওয়ার কথা নয়।
