হামাসের স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল

আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১৪:৫৭
গাজা উপত্যকায় ইসলামী উগ্রবাদী সংগঠন হামাসের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে গোলা বর্ষণ করেছে ইসরাইলি সামরিক বাহিনী। ফিলিস্তিনের ব্যর্থ রকেট হামলার পর তারা এ গোলা বর্ষণ করে বলে ইসরাইলি সামরিক বাহিনী জানাচ্ছে।
 
ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, রবিবার রাতে ফিলিস্তিনি ভূ-খণ্ড থেকে ইসরাইলি ভূ-খণ্ড লক্ষ্য করে রকেট হামলা চালানোর চেষ্টা করা হলেও সেটি ব্যর্থ হয়ে গাজা উপত্যকায় পড়ে। ইসরাইলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে এটি ছোঁড়া হয়েছিলো বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। এ ধরণের রকেট হামলায় ইসরাইলি নাগরিকদের জীবন ঝুঁকিপূর্ণ এবং তাদের সার্বভৌমত্বের অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে মনে করা হচ্ছে। 
 
ফলে ইসরাইলি সামরিক বাহিনী গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে গোলা বর্ষণ করে হামাসের একটি পর্যবেক্ষণ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে। তবে এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, ইসরাইল ও হামাস ২০০৮ সাল থেকে তিন তিনবার যুদ্ধে জড়িয়ে পড়ে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু