ছিটকে গেলেন টেলর-মাসাকাদজা

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২১:৫৪

আরব আমিরাতের বিপক্ষে সিরিজ

স্পোর্টস রিপোর্টার

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজে থাকছেন জিম্বাবুয়ের দুই শীর্ষ ক্রিকেটার। তারা দুইজন হলেন হ্যামিল্টন মাসাকাদজা ও ব্রেন্ডন টেলর। দুইজনের কেউই ইনজুরি সারিয়ে পুরোপুরি ফিট হতে পারেননি। মাসাকাদজার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন পিটার মুর।

জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) গতকাল ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। দলে ডাক পেয়েছেন অনভিষিক্ত এইনসলে এনলোভু ও টনি মানয়োঙ্গা। লম্বা সময় বাদে ওয়ানডে ক্রিকেটে ফিরেছেন টিমিসেন মারুমা ও রেগিস চাকাভা।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলাকালেই কাফ মাসলের ইনজুরিতে পড়েন সাবেক অধিনায়ক টেলর। তাই গেল ২২ ফেব্রুয়ারি থেকেই তিনি মাঠের ক্রিকেটের বাইরে আছেন। অন্যদিকে মাসাকাদজার ইনজুরিটা বুড়ো আঙুলের। গেল ফেব্রুয়ারিতে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ খেলতে গিয়ে তিনি এই চোট পান। এবারই প্রথমবারের মতো কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজ খেলবে আরব আমিরাত। প্রথম ওয়ানডেটি অনুষ্ঠিত হবে আগামীকাল। বাকি তিনটি ম্যাচ হবে যথাক্রমে ১২, ১৪ ও ১৬ এপ্রিল। চারটি ম্যাচই অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে। মূলত এই সময়টাতে আফগানিস্তানকে খেলতে আমন্ত্রণ জানিয়েছিল জেডসি; কিন্তু সম্প্রচার বিষয়ক জটিলতার কারণে তারা সরে দাঁড়ায়। এরপরই দৃশ্যপটে আসে আরব আমিরাতের নাম। যদিও, এই সিরিজের সম্প্রচার বিষয়ক জটিলতা কেটে গেছে। উপ-মহাদেশে স্টার স্পোর্টস, পিটিভি স্পোর্টস, এমনকি বাংলাদেশের গাজী টেলিভিশনও খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে।

জিম্বাবুয়ে স্কোয়াড: পিটার মুর (অধিনায়ক), সোলোমন মিরে, ব্রায়ান চারি, রেগিস চাকাভা, শন উইলিয়ামস, টিমিসেন মারুমা, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা, ক্রিস্টোফর এমপোফু, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন মাভুতা, এইনসলে এনলোভু, টনি মানয়োঙ্গা ও এলটন চিগুম্বুরা।