দক্ষিণ ভারতের এক জাতীয় উদ্যানে দুটি বিরল প্রজাতির সাদা বাঘের আক্রমণে একজন প্রাণী সংরক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার বানেরঘাট বায়োলজিক্যাল পার্কে বাঘ দুটিকে খাবার দিতে গেলে ঘটে এই ঘটনা।
একজন কর্মকর্তা জানিয়েছে, খাঁচার চারটি ছিটকিনির একটি ঠিকমত লাগানো না হওয়ায় বাঘগুলো তার উপর হামলা করতে সক্ষম হয়। মাত্র এক সপ্তাহ আগে আনজি নামের ওই ব্যক্তির চাকরি হয়েছিল সেখানে। সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, আনজি বাঘগুলোর জন্য মাংস রাখতে যাচ্ছিল, কিন্তু তার ধারণা ছিল না যে অন্য প্রান্তের ছিটকিনি খোলা ছিল। আর সেটা বুঝতে পেরে বাঘিনী সৌভাগ্যর দুই শাবক তাকে তাড়িয়ে ধরে হত্যা করে। আনজির আত্মীয়স্বজন রবিবার পার্কের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে, এবং আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছে।
উল্লেখ্য, রিসেসিভ জিনের কারণে বাঘ সাদা রংয়ের হয়ে থাকে। এর আগে একই জাতীয় উদ্যানে এক সিংহের আক্রমণে একজন প্রাণী সংরক্ষক গুরুতর আহত হয়েছিল। শুধু তাই নয়, সম্প্রতি সেখানে ৫টি রয়েল বেঙ্গল টাইগার মিলে আক্রমণ করে একটি সাদা বাঘকে হত্যা করে।
১৩৪৬ একরের বানেরঘাটা জাতীয় উদ্যানে রয়েল বেঙ্গল টাইগার, সিংহ, চিতাবাঘসহ ১৯৪১টি প্রাণী রয়েছে। সাদা বাঘ বিপন্ন প্রজাতি হিসেবে বিবেচিত যা সাধারণ দক্ষিণ ও পূর্ব এশিয়াতে দেখা যায়। এনডিটিভি ও বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
