মাত্র ১৭ বছর বয়েসেই একজন স্বীকৃত বিজ্ঞানীতে পরিণত হয়েছেন পাকিস্তানি তরুণ মুহাম্মদ শাহীর নিয়াজী।
'বৈদ্যুতিক মৌচাক' নামে পদার্থবিজ্ঞানের এমন একটি বিষয়ের তিনি ছবি তুলেছেন এবং এর তাপ নিরুপণ করেছেন - যা আগে কেউ পারে নি। তার এই গবেষণা সম্প্রতি রয়াল সোসাইটির ওপেন সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে।
শাহীর নিয়াজী পাকিস্তানের লাহোর শহরের একটি হাই স্কুলের ছাত্র। তার মাখার কোঁকড়া চুল এবং চোখের চশমার জন্য তাকে খুবই বুদ্ধিদীপ্ত একজন লোকের মতই দেখায়।
'বৈদ্যুতিক মৌচাক' নামের ব্যাপারটি পদার্থবিজ্ঞানীরা বেশ কয়েক দশক আগে থেকেই জানতেন। সহজ কথায়- দুটি ইলেকট্রোড - যার একটি চোখা আর আরেকটি সমান - তার মাঝখানে যে বৈদ্যুতিক ক্ষেত্র সেখানে যদি একটা তেলের স্তর স্থাপন করা হয়, তাহলে তার মধ্যে একটা নড়াচড়া তৈরি হয় এবং তেলের স্তরটা একটা মৌচাকের মতো প্যাটার্ন তৈরি করে।
কখনো কখনো এই প্যাটার্ন দেখতে হয় রঙিন কাচের জানালার মতো। বৈদ্যুতিক চার্জবিশিষ্ট অণু বা আয়নের চাপের ফলেই এটা হয়।
নিয়াজী যেটা করেছেন তা হলো - তিনি এই আয়নের নড়াচড়ার ছবি তুলতে পেরেছেন, এবং তেলের ওপরের স্তরে যে তাপ সৃষ্টি হয় তা রেকর্ড করতে পেরেছেন। তার আগে কেউ এটা পারে নি।
রাশিয়ায় গত বছর তরুণ পদার্থবিজ্ঞানীদের এক প্রতিযোগিতায় তিনি এবং অন্য চারজন প্রথম এই প্রক্রিয়াটি দেখান। ওই টুর্নামেন্টে এটাই ছিল পাকিস্তানের প্রথম দল। বিবিসি
ইত্তেফাক/ইউবি
