ক্যাশব্যাকসহ মিলছে নানা সুবিধা
রেজাউল হক কৌশিক
আর কয়েকদিন পর শুরু হবে বাংলা নতুন বছর। নতুন বছরের প্রথম দিন বা পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি শুরু হয়ে গেছে। এ প্রস্তুতির অংশ হিসাবে কেনাকাটাও বাড়ছে। ফলে ব্যবসায়ীদেরও বিক্রি ব্যাপক বেড়েছে। এসব কেনাকাটা বা লেনদেনে নগদ অর্থের পরিবর্তে কার্ডের ব্যবহার দিন দিন বাড়ছে। ভিসা, মাস্টারকার্ড আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স), জেসিবিসহ বিভিন্ন ধরনের কার্ডে কেনাকাটায় উত্সাহিত করতে বিশেষ অফারের ব্যবস্থা করা হয়েছে। নতুন পোশাক ও গৃহস্থালির পণ্য কেনাসহ বিপণিবিতান, পর্যটন কেন্দ্রে এবং রেস্টুরেন্টগুলোতে কার্ডে এসব অফার মিলছে। ব্র্যান্ড ও পণ্যভেদে থাকছে বিভিন্ন পরিমাণে মূল্যছাড়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানভেদেও কার্ডে মিলছে নানা অফার। কার্ডের পাশাপাশি মোবাইল ব্যাংকিং ও অনলাইন শপিংয়ে ক্যাশব্যাক অফার রয়েছে। নগদ টাকার বিকল্প হিসাবে গ্রাহকরা প্রতিটি লেনদেন ১০০ শতাংশ পর্যন্ত ছাড় কিংবা ক্যাশব্যাক পাচ্ছেন।
সংশ্লিষ্টরা বলছেন, উত্সবকেন্দ্রিক ছাড়ের মূল উদ্দেশ্য প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং। এর পাশাপাশি কার্ডের লেনদেন ও গ্রাহক বাড়ানোও অন্যতম লক্ষ্য। গ্রাহকদের কিছুটা সুবিধা দিতে ব্যাংকগুলো এ উদ্যোগ নিয়ে থাকে।
আগামী ১৪ এপ্রিল রবিবার পহেলা বৈশাখ। যারা অফার দিচ্ছে তাদের বেশিরভাগই গত ১ তারিখ শুরু করে। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। আবার কোনো কোনো অফার চলবে নববর্ষের দিন পর্যন্ত। কেউবা অফার দিচ্ছে শুধু নববর্ষের দিনটির জন্য।
এবছর বিভিন্ন ব্যাংক তাদের কার্ডধারীদের জন্য নানারকম অফার ঘোষণা করেছে। দেশে সাধারণত ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স), জাপান ক্রেডিট ব্যুরো (জেসিবি) এর ডেবিট ও ক্রেডিট কার্ড দেয় ব্যাংকগুলো।
‘ছড়িয়ে দিন নববর্ষের আনন্দ। কেনাকাটা উপভোগ করুন ৩৫ শতাংশ পর্যন্ত সাশ্রয়।’ এই শ্লোগানে বৈশাখী ক্যাম্পেইন করছে সিটি ব্যাংক। এ ব্যাংকের কার্ডধারীরা বিভিন্নক্ষেত্রে এ সুযোগ পাচ্ছে। এছাড়া আমেরিকান এক্সপ্রেস কার্ডধারীরা দেশের শীর্ষস্থানীয় রেস্টুরেন্টগুলোতে ২০ শতাংশ নিশ্চিত ছাড় পাচ্ছেন। এছাড়াও বেশকিছু রেস্টুরেন্টে একটি কিনলে একটি ফ্রি’র সুযোগ পাবেন এ ব্যাংকের কার্ডধারীরা।
ব্র্যাক ব্যাংকের সকল কার্ডে বৈশাখী কেনাকাটায় ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া কয়েকটি অনলাইনে কেনাকাটা করলে ১০ শতাংশ ছাড় দিচ্ছে ব্র্যাক ব্যাংক। উত্সবে নতুন সাজে মেতে উঠুন বর্ষবরণে স্লোগানে ক্যাম্পেইন করছে এ ব্যাংক।
‘ইবিএল কার্ডে বৈশাখী অফারের মেলা’ এমন শ্লোগানে নানা অফার দিচ্ছে ইস্টার্ন ব্যাংক। এ ব্যাংকের কার্ডধারীরা লাইফস্টাইল ব্র্যান্ডের ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন। ৪৮টি রেস্টুরেন্টে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় এবং ১৮টি রেস্টুরেন্টে একটি কিনলে একটি ফ্রি অফার রয়েছে। প্রাইম ব্যাংক তাদের সব হোল্ডারের জন্য নির্দিষ্ট ফ্যাশন হাউজের সব ধরনের কাপড়ের ওপর ২০ শতাংশ পর্যন্ত ছাড় এবং রেস্টুরেন্টে ১০ শতাংশ ছাড়ের ব্যবস্থা রেখেছে। কিছু রেস্টুরেন্টে একটি কিনলে একটি ফ্রি পাওয়ার ব্যবস্থা রেখেছে।
বৈশাখে ক্রেতাদের জন্য বিশেষ ক্যাশব্যাক সুবিধা রেখেছে বিকাশ। ‘উত্সব শুরু হোক বিকাশের সাথে’ শ্লোগানকে সামনে রেখে বৈচিত্র্যময় পণ্য কিনতে এ ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহকরা। গত ২৭ মার্চ থেকে এ অফার শুরু হয়েছে। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। গ্রাহকরা বিকাশে পেমেন্ট করে দেশের শীর্ষস্থানীয় ১৯০০’র বেশি আউটলেটে ২০ শতাংশ ক্যাশব্যাক পাচ্ছেন।
এর বাইরে আরো কিছু ব্যাংক এধরনের সুবিধা দিচ্ছে। অন্যদিকে অনলাইন শপগুলোর বিভিন্ন ধরনের সুবিধা দিচ্ছে। ই-কমার্স সাইটগুলোর মধ্যে বাগডুম ডটকম ৬৮ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। ইভ্যালি ডটকম ডটবিডি ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার ঘোষণা দিয়েছে। অথবা ডটকম থেকে কেনাকাটায় ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়াও স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, প্রিয়শপ ডটকম, ব্যাগপ্যাকার্সবিডি, আজকের ডিলসহ বিভিন্ন ই-কমার্স সাইট নানা রকম অফার দিচ্ছে।
