ইত্তেফাক রিপোর্ট
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছু বাংলাদেশি শ্রমিকদের মেডিক্যাল চেকআপে নিয়োজিত দেশীয় মেডিক্যাল সেন্টারগুলোকে গালফ হেলথ কাউন্সিলের (জিএইচসি) নিবন্ধন ফি আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পরিশোধ করতে হবে। অথরাইজড ডিলার ব্যাংকগুলোকে আগ্রহী মেডিক্যাল সেন্টারগুলোর অনুকূলে ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ড ইস্যু করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জানা যায়, বিদেশে গমনেচ্ছু বাংলাদেশি শ্রমিকদের মেডিক্যাল চেকআপ করে আসছে দেশের বিভিন্ন মেডিক্যাল সেন্টার। এর জন্য তাদের সংশ্লিষ্ট দেশের নির্দিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থার নিবন্ধন নিতে হয় এবং এর জন্য একটি ফি-ও প্রদান করতে হয়। এতদিন এই ফি ব্যাংকিং চ্যানেলে নস্ট্র অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করা হতো। কিন্তু সম্প্রতি মধ্যপ্রাচ্যের সরকারি প্রতিষ্ঠান জিএইচসি তাদের দেশে শ্রমিক প্রেরণে নিয়োজিত দেশের মেডিক্যাল সেন্টারগুলোকে অনলাইনে নিবন্ধন এবং এ সংক্রান্ত ফি কার্ডে প্রেরণের নিয়ম চালু করেছে। এর প্রেক্ষিতে দেশের মেডিক্যাল সেন্টারগুলোকে তাদের চাহিদানুযায়ী নিবন্ধন ফি পরিশোধের সুযোগ করে দিতে এ নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে অন্যান্য দেশে গমনেচ্ছু শ্রমিকদের মেডিক্যাল চেকআপে নিয়োজিত সংশ্লিষ্ট মেডিক্যাল সেন্টারগুলো এ সংক্রান্ত ফি ব্যাংকিং চ্যানেলে পরিশোধ করতে পারবে।
