কাউন্সিলরদের করা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার মেয়র মো. মাঈন উদ্দিন মঈনের সাময়িক বহিষ্কার আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছে উচ্চ আদালত। মেয়র মাঈন উদ্দিনের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে তার বহিষ্কার আদেশ স্থগিত করে আদালত।
মেয়র মাঈন উদ্দিন বলেন, স্থানী সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে আমাকে বহিষ্কারের আদেশের বিরুদ্ধে রবিবার উচ্চ আদালতে রিট আবেদন করেছিলাম। পরে আজ মঙ্গলবার দুপুরে আদালত বহিষ্কার আদেশ তিন মাসের জন্য স্থগিত করে।
তবে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজী বলেন, বিষয়টি শুনেছি, তবে উচ্চ আদালতের রায়ের কোনো কপি আমরা এখনো পাইনি। কপি না পেয়ে অফিসিয়ালি কিছু বলা যাবে না। এর আগে গত ৫ সেপ্টেম্বর মেয়র মাঈন উদ্দিনকে সাময়িক বহিষ্কার করে সংশ্লিষ্ট দফতরে চিঠি পাঠায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। জেলা প্রশাসকের কাছে পৌরসভার ১২ কাউন্সিলরের মধ্যে ১০ কাউন্সিলরের করা ওই লিখিত অভিযোগে মেয়র মাঈন উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাতের কথা বলা হয়েছে।
তবে মেয়র মাইন উদ্দিন দাবি করেন, বিএনপির মনোনয়ন নিয়ে মেয়র নির্বাচিত হওয়ায় সরকারি দলের লোকজন ষড়যন্ত্র করে মিথ্যা দুর্নীতির অভিযোগ দিয়েছিল।
হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবদুল্লাহ আল বাকী জানান, বিচারপতি শুনানি শেষে মেয়রের বহিস্কার আদেশ তিন মাসের জন্য স্থগিত করেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ ৬ জনকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে।
ইত্তেফাক/কেকে
