কুকুর দত্তক নিয়েছেন কোহলি!

আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৮:২৮
ক্রিকেট মাঠ হোক বা ক্রিকেট নিয়ে কোনো সংবাদ সম্মেলন হোক, বেশিরভাগ সময়ই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে রুদ্র মূর্তিতে দেখা যায়। সোজাসাপ্টা কথায় ছাড়েন না কাউকে। কিন্তু মাঠের বাইরের কোহলি পুরোই উল্টো। এই কোহলি প্রেমিক, ক্যান্সার রোগিদের সাহায্য করেন, বৃদ্ধাশ্রমে সময় কাটান, বাচ্চাদের সাথে খেলায়-আড্ডায় নেতে ওঠেন, গাছ লাগান। এবার জানা গেল, ভারতের এই নন্দিত ব্যাটসম্যানের আরও কাজের খবর।
 
পশুদের জন্য কোহলির রয়েছে দারুণ ভালোবাসা। বিশেষ করে কুকুরদের প্রতি। সেই ভালোবাসা থেকেই এবার ১৫টি কুকুর দত্তক নিলেন তিনি। ভারতের বেঙ্গালুরুর কুকুরের অনাথশ্রম থেকে তিনি এই কুকুরগুলোকে দত্তক নিয়েছে। 
 
কয়েকমাস আগে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করেই চার্লিস এনিমেল রেস্কিউ সেন্টারে (কেয়ার) হাজির হন টিম ইন্ডিয়ার অধিনায়ক। সেন্টারের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, ‘এটা একটা অবিশ্বাস্য মুহূর্ত ছিল। হঠাৎ আমরা দেখি গেট দিয়ে কোহলি ঢুকছেন। তিনি কুকুরদের সম্পর্কে অনেক জ্ঞান রাখেন। তাদের কীভাবে যত্ন নিতে হয় তিনি জানেন। তিনি অন্ধ ও অসুস্থ ১৫টি কুকুরকে দত্তক নিয়েছেন। কোহলি সেগুলোর ভরণপোষণের খরচ দেবেন এবং দেখভাল করবেন।’ 
 
সংবাদমাধ্যমে জানা গেছে, কোহলি ফাউন্ডেশন কেয়ারের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। শহরের ভবঘুরে কুকুরদের আশ্রয় দিতে কাজ করবে সংগঠন দুটি।
 
ইত্তেফাক/রেজা