ফাঁদ মামলার আলামত নষ্টের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার নাম মো. আমিনুর রহমান। তিনি দুদক রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ছিলেন। মঙ্গলবার দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এই বরখাস্তের আদেশে সই করেছেন।
দুদক সূত্র জানায়, ২০১৫ সালের ২৩ অাগস্ট নওগাঁ জেলার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার হন। এ ঘটনায় ওই দিনই তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা করে দুদক। পরে মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে আমিনুর রহমানকে নিয়োগ দেয় কমিশন। তদন্ত শেষে ২০১৫ সালের ৩০ ডিসেম্বর তিনি আদালতে অভিযোগপত্র দেন। তবে মামলার জব্দ করা মূল আলামত ১০ হাজার টাকা তদন্ত কর্মকর্তা আমিনুর রহমানের আলমারিতে সংরক্ষিত ছিল। সেখান থেকে তা ‘হারিয়ে যায়’। মামলার প্রধান আলমত নষ্ট করার কারেণ কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এ ব্যপারে কমিশনের দেয়া আদেশে বলা হয়েছে, 'ফাঁদ মামলার আলামতের টাকা অসৎ উদ্দেশ্যে হারিয়ে ফেলে দায়িত্ব পালনে গুরুতর অবহেলা এবং অসদাচরণ করেছেন আমিনুর রহমান। এ কারণে তাকে অবিলম্বে সাময়িক বরখাস্ত করা যুক্তিযুক্ত ও অপরিহার্য হয়ে পড়েছে।'
ইত্তেফাক/এমআই
